বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
১১:২৯ পি.এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, উপকূলীয় জনগণকে সুরক্ষা দেওয়া এবং ডেল্টা অর্থনীতি শক্তিশালী করতে ব্লু কার্বন ফাইন্যান্স অত্যন্ত জরুরি।
আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) এবং ল্যান্ডস্কেপ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত জলবায়ু কার্যক্রম ত্বরান্বিতকরণ : ব্লু কার্বন অর্থায়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক আন্তর্জাতিক সেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও উল্লেখ করেন, ব্লু কার্বন ইকোসিস্টেমকে জলবায়ু সম্পদ, কমিউনিটি সম্পদ এবং উন্নয়ন সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। এ বিষয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এছাড়া, জলবায়ু অভিবাসন বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে অভ্যন্তরীণভাবে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এরকম বাস্তবতায় বাংলাদেশে ম্যানগ্রোভ বন ও উপকূলীয় জলাভূমি শুধুমাত্র পরিবেশগত সম্পদ নয়, বরং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় জলবায়ু অবকাঠামো।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত সজাগ রয়েছে। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু এবং বাস্তুতন্ত্র একে অপরের সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াসহ এই অঞ্চলের দেশগুলো ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ক্ষয়ক্ষতির মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই ব্লু কার্বন ম্যাপিং, কার্বন পরিমাপের অভিন্ন পদ্ধতি এবং আঞ্চলিক কার্বন মার্কেট গড়ে তুলতে সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। এ ক্ষেত্রে এসকাপ সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সেশনে পাকিস্তানের পরিবেশমন্ত্রী শেজরা মানসাব আলী খান খারাল, মালদ্বীপের পরিবেশমন্ত্রী আলী শরীফ, এসকাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং বিভিন্ন দেশের পরিবেশমন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা প্রকাশ করেছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।
সংস্থাটি এটাকে ধর্মীয় আচার-অনুষ্ঠান তথা ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে দক্ষতার সঙ্গে অভিহিত করেছে।
বিলটিতে ইসরাইলের মসজিদগুলোতে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচারে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এ নিয়ে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, এই বিল ‘অকার্যকর ও বাতিলযোগ্য একটি পদক্ষেপ’ এবং এটি ‘বৈষম্যমূলক ও বর্ণবাদী প্রকৃতির একটি আইনগত অপরাধ’ বলে চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির মতে, এটি একটি উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, ইবাদতের অধিকার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিশ্চিত সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
১২০ সদস্যের নেসেটে এই বিলটি ৫০-৩৬ ভোটে পাস হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র স্থাপন বা ব্যবহার করার অনুমতি থাকবে না। তবে, বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর আইন হতে হলে এটি আরও তিনটি পর্যালোচনা (রিডিং) পাস করতে হবে।
ওআইসি আরও বলেছে, এই বিল ফিলিস্তিনি উপস্থিতি সীমিত করার এবং আরব ও ইসলামি পরিচয়কে লক্ষ্যবস্তু বানানোর উদ্দেশ্যে নেওয়া ইসরাইলের ধারাবাহিক বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইন ও পদক্ষেপের একটি বিপজ্জনক সম্প্রসারণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬-২৫ মে ২০২৭)’ উদযাপন করার জন্য দেশের সকল জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিন দিনব্যাপী নজরুল জয়ন্তী বর্ষ উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, শিশু নিকেতল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক আজিজার রহমান।
উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলা ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে নজরুল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের নকআউট পর্বে আজ দেখা হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই শেষ ষোলোর ম্যাচ। জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, আর পরাজিত দলকে শিরোপার লড়াই থেকে বিদায় নিতে হবে।
ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দাঁড়িয়ে আছেন দুই কিংবদন্তি ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। আন্তর্জাতিক ফুটবলের এই দুই মহাতারকার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এটি তাদের শেষ বিশ্বকাপও হতে পারে। ফলে ব্যক্তিগত গৌরবের পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও তাদের কাঁধে থাকবে।
গ্রুপ পর্বের ‘কে’ গ্রুপ থেকে একটি জয় ও দুটি ড্রয়ের মাধ্যমে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রাখে পর্তুগাল। অন্যদিকে, ‘এল’ গ্রুপে দুটি জয় ও একটি হারে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ষোলোতে উঠেছে ক্রোয়েশিয়া।
সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগাল কিছুটা এগিয়েও রয়েছে। বর্তমানে, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম, যেখানে ক্রোয়েশিয়া রয়েছে ১৩ নম্বরে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও পর্তুগালের পক্ষেই। এখন পর্যন্ত তারা ১০ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, ক্রোয়েশিয়া জয় পেয়েছে মাত্র একবার। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর উয়েফা নেশন্স লিগে দুই দল ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণেও পর্তুগালকে এগিয়ে রাখা হয়েছে। অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.৭ শতাংশ, ক্রোয়েশিয়ার জয়ের সম্ভাবনা ১৯.৬ শতাংশ। একই সঙ্গে, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনার হারও ১৯.৬ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
তবে, নকআউটের কঠিন লড়াইয়ে পরিসংখ্যান সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। চাপের মুহূর্তে যেই দল নিজেদের পরিকল্পনাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবে এবং সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে, তারাই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চার নবজাতক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। মা ও জীবিত চার নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রসববেদনা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মো. হাসান শেখের স্ত্রী।
পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে এবং দুই মেয়েসহ পাঁচ নবজাতকের জন্ম দেন। জন্মের কিছুক্ষণ পর একটি নবজাতকের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত চার নবজাতককে হাসপাতালের নবম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ