প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চক্ষু অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া রোগীদের সুস্থতা নিশ্চিত করতে ফলো-আপ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা অপারেশন-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
শুক্রবার (৭ আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং একজন প্যারামেডিক অংশগ্রহণ করেন।
চিকিৎসকরা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন করা ২৮ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। এর মধ্যে ১৩ জন পাহাড়ি এবং ১৫ জন বাঙালি রোগী ছিলেন। পরীক্ষা শেষে রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকির বিষয়টিও গুরুত্ব পায়।
ফলো-আপ সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, অপারেশনের পর আবারও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পাওয়ায় তারা আশ্বস্ত হয়েছেন। তারা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন এবং লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল, চট্টগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন