প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রাম সদর উপজেলায় শিশু বান্ধব নীতি প্রণয়ন ও শিশুদের অংশগ্রহণ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, উপজেলার বেলগাছা মাদার তেরেসা হলরুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, স্পন্সরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার মনি দিওসহ বিভিন্ন শিশু ও যুব ফোরামের সদস্যগণ।
বক্তারা সভায় শিশুদের নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব, মাদকদ্রব্যের কুফল, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব এবং শিশুদের সুরক্ষায় সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তাগণ বলেন, শিশুদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তাদের জন্য সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। শিশুদের সমস্যা এবং সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হলে, তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এই অনুষ্ঠানে শিশু ও যুব ফোরামের সদস্যদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্তভাবে, বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধিগুলো থেকে নিজেদের এবং অন্যান্য শিশুদের দূরে রাখতে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন