প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তারা ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে পদ্ধতিগতভাবে কাজ করেছে, আইনশৃঙ্খলা ক্ষুণ্ন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করার জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে যে, দেশটিতে গত এক দশক ধরে গণতান্ত্রিক অবক্ষয় এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে—যার শিরোনাম ‘‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই’ র টকিং অ্যাবাউট?’ মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’’—আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি উল্লেখ করেছে যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি ক্ষুণ্ন করেছে, রাজনৈতিক বিরোধীদের দমন করেছে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “গত এক দশকে বিজেপি এমন সব নীতি প্রচার করেছে যা এসব সাংবিধানিক সুরক্ষাকে দুর্বল করেছে। বিজেপির নেতারা কেবল মুসলিমদেরই নয়, বরং অন্যান্য ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদেরও কলঙ্কিত করেছেন এবং হত্যাকাণ্ডসহ সহিংসতাকে—মূলত দায়মুক্তির মাধ্যমে—স্বাভাবিক করে তুলেছেন।”
মুসলিমবিদ্বেষী ঘৃণাত্মক বক্তব্য এবং উগ্রপন্থী সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে গো-হত্যার অভিযোগে মুসলিম ও দলিতদের ওপর হামলা, ‘লাভ জিহাদ’ বয়ানের মাধ্যমে ভিন্নধর্মের যুগলদের হয়রানি এবং মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইনের ব্যবহার।
এছাড়া বাংলাভাষী মুসলিমদের নিশানা করা ও বিতাড়ন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানো, সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রুলিং সত্ত্বেও মুসলিমদের সম্পত্তি শাস্তিমূলকভাবে ভেঙে ফেলা এবং কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত শিখ কৃষকদের ‘খালিস্তানি’ তকমা দেওয়ার মতো বিষয়গুলোও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এইচআরডব্লিউর মতে, এ ধরনের বক্তব্য ও নীতি ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা উসকে দিয়েছে।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে সরকার বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করার পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী ন্যায়পাল এবং মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেছেন, “গত এক দশকে মোদি সরকার ভারতের সেই স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ফাঁপা করে দিয়েছে, যেগুলো নির্বাহী ক্ষমতার লাগাম টানতে এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সরকার আইনের শাসন ক্ষুণ্ন করেছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে, যার ফলে মানবাধিকার সুরক্ষা পিছিয়ে গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতের কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা গভীরতর হয়েছে।”
এইচআরডব্লিউ জানায়, নিজের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে সরকার ক্রমশ সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের ডিসেম্বরের আইনের কথা উল্লেখ করা হয়, যা সংস্থার মতে নিয়োগের ওপর নির্বাহী নিয়ন্ত্রণে স্থায়ী রূপ দিয়েছে এবং কমিশনারদের ব্যাপক আইনি সুরক্ষা (ইমিউনিটি) দিয়েছে। সংসদের ওই অধিবেশনে বিপুলসংখ্যক বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করার পর আইনটি পাস করা হয়েছিল।
মৌলিক অধিকারের ওপর বড় প্রভাব ফেলে এমন আইন পাসে ‘মানি বিল’-এর ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেদনটি। এর মধ্যে ২০১৯ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর সংশোধনীও রয়েছে, যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ক্ষমতা বাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে—ঘৃণাত্মক বক্তব্যসহ—মোদি ও শীর্ষ বিজেপি নেতাদের জবাবদিহির আওতায় আনতে নির্বাচন কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ভোটার তালিকা কারসাজির অভিযোগ, ভোটদানের তথ্য গোপন রাখা এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগে কমিশনের ভূমিকারও সমালোচনা করা হয়েছে।
বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) মুসলিমদের অসামঞ্জস্যপূর্ণভাবে নিশানা করা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রসঙ্গে এইচআরডব্লিউ জানায়, ২০২৫ সালের জুন মাস থেকে ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে, যা স্বেচ্ছাচারী বাদ পড়ার আশঙ্কায় বিক্ষোভের জন্ম দিয়েছে।
এইচআরডব্লিউর দাবি, এসআইআর প্রক্রিয়ার ফলে ব্যাপক হারে ভুলভাবে ভোটারের নাম বাদ পড়েছে; পশ্চিমবঙ্গের তথ্যের বরাতে সংস্থাটি জানায়, যেসব ভোটারের আপিল নিষ্পত্তি হয়েছে, তাদের প্রায় ৯৩ শতাংশকে তালিকায় ফিরিয়ে আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, “মুসলিমরা—যারা ঐতিহাসিকভাবে বিজেপিকে ভোট দেন না কারণ দলটি হিন্দু সংখ্যা গরিষ্ঠতা বাদ প্রচার করে—তাদের অসামঞ্জস্যপূর্ণভাবে নিশানা করা হয়েছে।”
নির্বাচন কমিশনের সংশোধিত ‘ফর্ম ৬’-এর শর্ত নিয়েও উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ, যার ফলে নাম বাদ পড়া পূর্ববর্তী নিবন্ধিত ভোটারদের নতুন ভোটার হিসেবে পুনরায় আবেদন করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি মুসলিম ভোটারদের নাম গণহারে বাদ দেওয়ার চেষ্টার খবর এবং সংখ্যালঘুদের নিশানা করে বিজেপিকে সুবিধা দিতে এস আই আর ব্যবহারের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে বিরোধী রাজনীতিকদের ওপর চাপ সৃষ্টি করতে এবং মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী, সাংবাদিক ও সরকারের অন্যান্য সমালোচককে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে।
সরকারি তথ্যের বরাতে এইচআরডব্লিউ জানায়, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যাদের বেশির ভাগই বিরোধী দলের। সংস্থাটির মতে, মোদি সরকার ক্ষমতায় আসার আগের এক দশকে তদন্তের মুখে পড়া ২৬ জন রাজনীতিকের তুলনায় এটি ৬০০ শতাংশেরও বেশি বৃদ্ধি।
প্রতিবেদনে বলা হয়, “এর ফলে মানুষ বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’বলে অভিহিত করছে, যেখানে কোনো রাজনীতিক বিজেপিতে যোগ দিলেই অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।” এইচআরডব্লিউ অভিযোগ করেছে যে অভিযান, ব্যাংক হিসাব জব্দ এবং আইনি মামলার মাধ্যমে মানবাধিকার সংগঠন, অধিকারকর্মী ও স্বাধীন গণমাধ্যমকে নিশানা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করেছে সরকার।
২০২০ সালে ব্যাংক হিসাব জব্দের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, গ্রিনপিস ইন্ডিয়া, লয়ার্স কালেক্টিভ, অক্সফাম ইন্ডিয়া ও সেন্টার ফর পলিসি রিসার্চে অভিযান এবং অধিকারকর্মী হর্ষ মান্দারের বিরুদ্ধে বারবার তদন্তের কথা উল্লেখ করে প্রতিবেদনটি বলেছে, এসব পদক্ষেপ নাগরিক সমাজের ওপর চাপ তৈরি করেছে। এছাড়া নিউজক্লিক-এর প্রসঙ্গও এতে এসেছে—যার প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ২০২৩ সালে ইউএপিএ আইনে গ্রেপ্তার করা হয়েছিল, পরে সুপ্রিম কোর্ট তার মুক্তির নির্দেশ দেন—পাশাপাশি এনডিটিভি ও বিবিসির কার্যালয়ে কর-সংক্রান্ত তদন্তের কথাও বলা হয়েছে।
এইচআরডব্লিউ জানায়, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মুসলিম, মানবাধিকার অধিকারকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী তদন্ত এবং আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ক্রমবর্ধমানভাবে ব্যবহার করেছে, যেখানে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও দণ্ডের হার কম রয়ে গেছে। সরকারি তথ্যের বরাতে বলা হয়, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ১০,১১৮টি ইউএপিএ মামলায় ১৯,৮৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দণ্ড পেয়েছেন মাত্র ১,২৭৫ জন—৩৯১টি মামলায়, যা মোট মামলার ৩.৮ শতাংশ।
২০০৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্ণাটকে ইউএপিএ মামলার ওপর পরিচালিত একটি এসওএএস অধ্যয়নের বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের প্রায় আট ভাগের সাত ভাগই বিজেপির সাড়ে দশ বছরের শাসনামলে অভিযুক্ত হয়েছেন, এবং তাদের ৮৪ শতাংশেরও বেশি মুসলিম।
সন্ত্রাসবাদ তদন্তে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবেদনে হিন্দু চরমপন্থী গোষ্ঠী জড়িত বেশ কয়েকটি বোমা হামলার মামলায় খালাসের ঘটনা এবং সেই খালাসের বিরুদ্ধে এনআইএর আপিল না করার সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। ইউএপিএ অভিযুক্তদের—বিশেষ করে মুসলিম স্বার্থ রক্ষায় কাজ করা—আইনি সহায়তা দেওয়া এনজিওগুলোর বিষয়ে ২০২৫ সালে এনআইএ আদালতের একটি মন্তব্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
বিচারব্যবস্থা ও বিধিবদ্ধ সংস্থাগুলো নজরদারিতে
বিচারব্যবস্থা প্রসঙ্গে এইচআরডব্লিউ বলেছে, ভারতীয় আদালতগুলো মৌলিক স্বাধীনতা যথাযথভাবে রক্ষায় ব্যর্থ হয়েছে। পিএমএলএ-এর অধীনে তদন্তকারী সংস্থাগুলোর ক্ষমতা বহাল ও সম্প্রসারিত করে সুপ্রিম কোর্টের ২০২২ সালের রায়ের কথা এতে উল্লেখ করা হয়েছে, যা জীবন ও স্বাধীনতার সুরক্ষাকে দুর্বল করেছে বলে আইন বিশেষজ্ঞরা সমালোচনা করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে মৌলিক স্বাধীনতা রক্ষায় ভারতের বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, বর্তমান ও সাবেক বিচারক, আইনজীবী ও অধিকারকর্মীরা মোদি সরকারের আমলে রাজনৈতিক কারণে বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতিতে নির্বাহী হস্তক্ষেপ বৃদ্ধির অভিযোগ করেছেন।
রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোতে জামিন মঞ্জুরের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অসংগতিপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ। ২০২০ সাল থেকে ইউএপিএ আইনে আটক থাকা অধিকারকর্মী উমর খালিদ ও শারজিল ইমামের জামিন ২০২৬ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের নাকচ করার ঘটনা এবং পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে অন্য একটি বেঞ্চের এই পর্যবেক্ষণ এতে তুলে ধরা হয়েছে যে জানুয়ারির ওই রায় নজির অনুসরণ না করে ‘বিচারিক শৃঙ্খলা’ লঙ্ঘন করেছে।
একই মামলায় অপর তিন অধিকারকর্মীকে জামিন দেওয়ার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের ২০২১ সালের জুনের সিদ্ধান্তের সঙ্গে এর তুলনা করা হয়েছে, যেখানে আদালত পর্যবেক্ষণ দিয়েছিল যে রাষ্ট্র ‘প্রতিবাদের অধিকার’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’-এর মধ্যকার সীমারেখা ঝাপসা করে দিয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো বিজেপি নেতাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ ব্যবস্থা নেয়নি এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কিছুদিন পরই বিচারপতি এস. মুরলীধরকে বদলি করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, “২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আদালতে বিচারকদের সাম্প্রদায়িক মন্তব্য করা কিংবা ধর্মীয় সংখ্যালঘু, অধিকারকর্মী এবং এমনকি দারিদ্র্যের মধ্যে বসবাসকারীদের সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক প্রভাবযুক্ত রায় দেওয়ার প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে।”
সরকারের সমালোচকদের জড়িত মামলাগুলোতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এইচআরডব্লিউ। ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় মোদিকে ২০২২ সালে সুপ্রিম কোর্টের অব্যাহতি দেওয়া এবং এরপর অধিকারকর্মী তিস্তা শীতলবাদ ও প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তারের ঘটনা এতে উল্লেখ করা হয়েছে। তিন শতাধিক সাবেক বিচারক, আইনজীবী ও অধিকারকর্মীর স্বাক্ষরিত এক চিঠির বরাতে বলা হয়, আবেদনকারীদের বিরুদ্ধে করা মন্তব্য আইনের শাসনের জন্য ‘উদ্বেগজনক বার্তা’ পাঠিয়েছে।
বিচারকদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালে আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার দায়ে দণ্ডিত করা, পিএমএলএ-এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতা ২০২২ সালে আদালতের অনুমোদন এবং বিচারিক দুর্নীতি সংক্রান্ত একটি পাঠ্যবইয়ের অধ্যায় ২০২৬ সালে নিষিদ্ধ করার ঘটনাও প্রতিবেদনে এসেছে।
এইচআরডব্লিউ আরও অভিযোগ করেছে যে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এবং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর)-এর মতো স্বাধীন বিধিবদ্ধ সংস্থাগুলোকে বিজেপি সরকারের সমালোচকদের বিরুদ্ধে বেছে বেছে ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গের অভিযোগ, মণিপুর সংঘাতের সময় যৌন সহিংসতা এবং প্রজ্বল রেভান্না মামলার প্রেক্ষাপটে এনসিডব্লিউর ভূমিকা উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে বিজেপি-শাসিত রাজ্য বা তার মিত্রদের জড়িত মামলার চেয়ে বিরোধী-শাসিত রাজ্যের অভিযোগে কমিশন বেশি কঠোরভাবে সাড়া দিয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে সংসদীয় রীতিনীতি উপেক্ষা
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম দুই মেয়াদে বিজেপি সরকার সংসদীয় কমিটিগুলো এড়িয়ে গেছে, প্রতিষ্ঠিত রীতিনীতি লঙ্ঘন করেছে, বিরোধী দলের গুরুত্বপূর্ণ পদগুলো বছরের পর বছর শূন্য রেখেছে এবং পর্যালোচনা এড়াতে বিলগুলোকে ‘মানি বিল’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে; একটি নাগরিক সমাজের বিশ্লেষণের বরাতে একে সংসদকে ‘সংখ্যাগরিষ্ঠতাবাদী ও অগণতান্ত্রিক আইন প্রণয়নের’ হাতিয়ারে পরিণত করার অভিযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
সংস্থাটি জানায়, বিরোধী কণ্ঠস্বরকে প্রান্তিক করে, গুরুত্বপূর্ণ পদ শূন্য রেখে এবং যাচাই-বাছাই এড়াতে বিলগুলোর ভুল শ্রেণিবিন্যাস করে বিজেপি সরকার প্রায়ই উত্থাপনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংসদে দ্রুত আইন পাস করিয়েছে।
২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল আগে থেকে সার্কুলেট না করেই সরকার উত্থাপন করেছিল, ফলে বিরোধী সদস্যরা তা পরীক্ষা বা বিতর্কের জন্য পর্যাপ্ত সময় পাননি; আর এই পদক্ষেপের আগে জম্মু ও কাশ্মীরে যোগাযোগ বিচ্ছিন্নতা ও চলাচলে বিধিনিষেধ আরোপ এবং রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, “মোদি প্রশাসন ভারতকে একটি প্রধান বৈশ্বিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়ানোর জন্য সক্রিয়ভাবে চাপ দিচ্ছে এবং প্রায়শই দেশটিকে ‘গণতন্ত্রের জননী’ হিসেবে অভিহিত করছে। তবে গণতন্ত্র, বৈচিত্র্য ও মানবাধিকার প্রচার ও সুরক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে সরকার সেই দাবিগুলো থেকেই সরে যাচ্ছে এবং এর বদলে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের দিকে ঝুঁকছে।”
এই ঘটনাগুলোকে পরস্পরসম্পর্কিত প্রাতিষ্ঠানিক ব্যর্থতা হিসেবে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ দুর্বল করেছে এবং অধিকার লঙ্ঘনের কার্যকর প্রতিকারের পথ রুদ্ধ করেছে।
হুমকির মুখে শিক্ষায় স্বাধীনতা
ভারতে শিক্ষায় স্বাধীনতার ক্ষয়ের বিষয়টিও তুলে ধরেছে এইচআরডব্লিউ। সরকারের সমালোচক শিক্ষার্থী ও শিক্ষক দের ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার ও সহিংসতা, শিক্ষাবিদদের ওপর বিধিনিষেধ এবং একাডেমিক অনুষ্ঠান বাতিল করার ঘটনা উল্লেখ করে সংস্থাটি জানায়, ভি-ডেম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০২৫ সালে শিক্ষায় স্বাধীনতার দিক থেকে ভারত বৈশ্বিকভাবে নিচের ১৫ শতাংশের মধ্যে নেমে এসেছে—অথচ ভারতের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার অনুযায়ী মৌলিক স্বাধীনতা, আইনের সামনে সমতা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা জরুরি।
সুপারিশমালা
গণতান্ত্রিক জবাবদিহি জোরদার করা, আইন প্রণয়নে বৃহত্তর পর্যালোচনা নিশ্চিত করা এবং ইউএপিএ, পিএমএলএ ও এফসিআরএ-এর মতো কঠোর আইন সংস্কারের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ও আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্টের মতো আইন বাতিলের আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
সংস্থাটি সরকারকে স্বাধীন প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, সমালোচকদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ও সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার থামানো, এসআইআর প্রক্রিয়া বাতিল করা, মৌলিক অধিকার চর্চার দায়ে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া এবং শাস্তিমূলক উচ্ছেদ, বৈষম্য ও স্বাধীন গণমাধ্যমের ওপর বিধিনিষেধ বন্ধ করার অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি ভারতের গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে উদ্বেগ জানাতে, নাগরিক সমাজ ও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন দিতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সরকার ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পিয়ারসন বলেন, “ভারতের গণতান্ত্রিক ক্ষয় ঠেকানোর অর্থ হলো সরকারের সমালোচকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা এবং সবার অধিকারের রক্ষাকবচ হিসেবে সেগুলোকে পুনর্গঠন করা,” এবং তিনি জোর দিয়ে বলেন যে “ভারতের মিত্রদের উচিত স্বাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর এই আক্রমণ বন্ধ করতে এবং নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে মোদি সরকারের ওপর চাপ প্রয়োগ করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন