প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেমের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন করায় এক সাংবাদিককে গালিগালাজের অভিযোগ উঠেছে। একই পরিষদের হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জন্মনিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবি ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ওলিউল্লাহ গত ১৫ অক্টোবর সরকারি অনুদানে নির্মিত ঘরের বরাদ্দ ও সুবিধাভোগীদের তালিকা চেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন। ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় ৩০ কার্যদিবস পার হয়ে গেলেও তিনি কাঙ্ক্ষিত তথ্য পাননি বলে অভিযোগ করেন।
ওলিউল্লাহর দাবি, তথ্য চাওয়ার বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম তাঁকে গালিগালাজ করেন। ইউএনওর কাছে করা আবেদনের তথ্য চেয়ারম্যান কীভাবে পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক।
ঘটনাটি ইউএনওকে জানানো হলে তিনি চেয়ারম্যানকে ডেকে কথা বলবেন বলে আশ্বাস দেন। তবে পরবর্তীতে যোগাযোগ করা হলেও সন্তোষজনক কোনো অগ্রগতি বা বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ ওলিউল্লাহর। এরপর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীকে বিষয়টি অবহিত করা হলে তিনি লিখিতভাবে অভিযোগ করার পরামর্শ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের আগে চেয়ারম্যান মোয়াজ্জেম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে এলাকায় একক আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে। চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ও বিব্রত এলাকাবাসী।
অন্যদিকে, ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জন্মনিবন্ধন করতে আসা এক সেবাগ্রহীতার কাছে তিন হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দরকষাকষির পর এক হাজার টাকার বিনিময়ে তিনি জন্মনিবন্ধন পান। এ ছাড়া ওই হিসাবরক্ষকের বিরুদ্ধেও সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ রয়েছে।
এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুল ইসলাম এবং আড্ডা বাজার বণিক সমিতির সভাপতি। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের অসদাচরণের নিন্দা জানিয়ে তাঁরা উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন