প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাগরিক সেবার মান নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে এই অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয়েছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নগর ভবনে বসে ঢাকা দক্ষিণের বিশাল এলাকার সেবা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। এজন্য অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকদের সচেতন হতে অনুরোধ করা হয়েছে। এখন মাঠপর্যায়ে চূড়ান্তভাবে তদারকি করার সময় এসেছে।
ডিএসসিসি প্রশাসক জানিয়েছেন, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন তিনি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শনে যাবেন। এই সময় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব, সড়কবাতি এবং প্রকৌশলসহ বিভিন্ন সেবার মান যাচাই করা হবে।
কোনো বিভাগে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানের অংশ হিসাবে ফুটপাত, বিভিন্ন স্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয়েছে এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ডিএসসিসির তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ এইচোসাইন বিল্ডার’-কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ‘রসুই’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে নাগরিক সেবা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন