প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অনুকূলে মোট ১ হাজার ১০৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৬২৯ কোটি ৪১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪৭৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত মঞ্জুরি ও বরাদ্দের দাবি সম্পর্কিত সরকারি নথি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। বাজেট নথির প্রদত্ত তথ্যের ভিত্তিতে, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই বিভাগের মোট বরাদ্দের পরিমাণ ছিল ৯৮৯ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। আগামী নতুন অর্থবছরের জন্য পল্লী উন্নয়ন ও সমবায় খাতে মোট বরাদ্দ প্রায় ১১৫ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকায় বাড়ছে।
বাজেটের আওতায় আগামী অর্থবছরে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, সমবায় ব্যবস্থার আধুনিকায়ন এবং দারিদ্র্য বিমোচনে বেশ কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সমবায় অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত হবে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এবং ‘সমবায়ের মাধ্যমে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা ও ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্প’ সহ অন্যান্য কার্যক্রম।
এ ছাড়া বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় স্বকর্মসংস্থান সৃষ্টি ও খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মাধ্যমে ‘পল্লী জীবিকায়ন-৩য় পর্যায় (১ম সংশোধিত)’ এবং ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরিসপো)-২য় পর্যায় (১ম সংশোধিত)’ প্রকল্প দুটি বিশেষ অগ্রাধিকার পাবে।
পাশাপাশি গ্রামীণ আধুনিকায়নের লক্ষ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর আওতায় ‘সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন’ এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সমবায়ভিত্তিক বহুতল ভবন বিশিষ্ট পল্লী জনপদ নির্মাণ’-এর মতো প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এছাড়া, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কার্যক্রম সম্প্রসারণ এবং কুমিল্লা বার্ডের আওতায় গ্রাম সংগঠনের মাধ্যমে পরিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প পরিচালনা করা হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দের এই অর্থের ব্যবহার নিশ্চিত করবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমিতির গঠন, ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থার প্রসার, সমবায় ব্যাংকিং এবং দুগ্ধ ও অন্যান্য সমবায়ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সৃষ্টি। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন