১১:৫৪ এম
বাংলা কবিতার এক অনন্য নির্মাতা, মহাকালের কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে, তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মরণোৎসব।
বৃহস্পতিবার বিকেলে, শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্মরণোৎসবের উপদেষ্টা ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাহিত্য অ্যাকাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি ছানাউল্লাহ, বাশারসহ জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিপ্রেমীরা।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মরণোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ।
বক্তারা বলেন, আল মাহমুদ কেবল একজন কবি নন, তিনি বাংলা ভাষার মাটি, মানুষ, প্রেম, ইতিহাস ও আত্মপরিচয়ের এক অনন্য কণ্ঠস্বর। যেভাবে তার কবিতায় গ্রামীণ বাংলার সৌন্দর্য ধরা পড়েছে, তেমনি ভাবে উঠে এসেছে মানুষের সংগ্রাম, স্বাধীনতার চেতনা এবং শেকড়ের গভীর টান।
আলোচকরা আরও বলেন, সময়ের নানা বিতর্ককে ছাপিয়ে আল মাহমুদের সাহিত্য আজও পাঠকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে তাঁর সাহিত্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ স্মরণোৎসবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মধ্য দিয়ে নতুন প্রজন্ম আবারও আবিষ্কার করবে সেই কবিকে, যিনি বাংলা কবিতায় গ্রামবাংলার রূপ, মানুষের স্বপ্ন, প্রেম ও প্রতিবাদের ভাষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন