প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং তুরস্কের মধ্যে ১৬০ কোটি মার্কিন ডলারের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে সম্পন্ন হয়।
এআইআইবি জানায়, এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ুনীতিভিত্তিক অর্থায়ন প্যাকেজ। এই অর্থায়নের মূল উদ্দেশ্য হলো তুরস্কে নির্গমন বাণিজ্য ব্যবস্থা (এমিশন ট্রেডিং সিস্টেম) চালু করা, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি, তুরস্কের প্রধান জলবায়ু অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ তৈরি করতেও এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এআইআইবির পরিচালনা পর্ষদ গত ২২ অক্টোবর এই অর্থায়ন প্যাকেজটি অনুমোদন করে। চুক্তিটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন এবং দেশের দ্বিতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে এবং ২০৩৫ সালের জন্য মধ্যবর্তী লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
নতুন অর্থায়ন প্যাকেজটি দুটি সমান অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো ‘তুরস্ক ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’ (টিসিএএপি)-এর আওতায় নীতিভিত্তিক ঋণ। দ্বিতীয় অংশটি খাদ্যনিরাপত্তা, জ্বালানি এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতা-সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ব্যবহৃত হবে।
এআইআইবির পাবলিক সেক্টর ও গ্লোবাল করপোরেট বিভাগের প্রধান কনস্টান্টিন লিমিভস্কি মন্তব্য করেন, “কপ-৩১ সম্মেলনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তুরস্কের রূপান্তরমূলক জলবায়ু সংস্কারে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এটি এআইআইবির ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু ঋণ সুবিধা।”
পুরো কর্মসূচিটি তিনটি প্রধান ভিত্তির ওপর পরিচালিত হবে। প্রথমত, নির্গমন বাণিজ্য ব্যবস্থা চালু করা এবং সবুজ অর্থায়ন কাঠামো বাস্তবায়ন করা। দ্বিতীয়ত, জাতীয় কার্বন নিঃসরণ হ্রাস কৌশল হালনাগাদ করে শিল্প ও অর্থনীতির বিভিন্ন খাতে তা কার্যকর করা। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা জোরদার করা এবং পানি, বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতের জলবায়ু ঝুঁকি কমানো।
এ কর্মসূচির প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দেশের জলবায়ু পরিবর্তন অধিদপ্তর কর্মসূচির কারিগরি দিক তদারক করবে। এছাড়া, ব্যাংকিং, পুঁজিবাজার, জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও বন বিভাগের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও এতে যুক্ত থাকবে। তুরস্কের ৮১টি প্রদেশে স্থানীয় জলবায়ু শাসনব্যবস্থার আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
২০১৬ সালে কার্যক্রম শুরু করে এআইআইবি। ১০০ বিলিয়ন ডলারের মূলধন নিয়ে প্রতিষ্ঠিত বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকটির অনুমোদিত সদস্যসংখ্যা বর্তমানে ১১১। তুরস্কে সংস্থাটির কার্যক্রমও ব্যাপকভাবে বিস্তৃত। এ পর্যন্ত দেশটিতে ৪৮টি প্রকল্পে মোট ১ হাজার ১০৬ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে এআইআইবি।
বর্তমান ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত তুরস্কের নয়টি প্রকল্পে ৩৮৯ কোটি ডলারের অর্থায়ন করেছে সংস্থাটি। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ বা ৩৬৯ কোটি ডলারই জলবায়ু অর্থায়ন হিসেবে প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন