প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমানে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বুধবার (৮ জুলাই) মহিপুর মৎস্য আড়তদার মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সমিতি সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছধরা ট্রলার ৬ জন জেলেসহ ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝি কোনোরকমে উদ্ধার হতে পারলেও, ট্রলারটিতে থাকা অপর ৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেসহ ফকিরহাটের 'এফবি মহিমা' নামের একটি ট্রলার ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার দুপুরে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
এদিকে, গত রোববার (৫ জুলাই) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন জেলেকে উদ্ধার করা গেলেও বাকি ৬ জনের কোনো সন্ধান মেলেনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ট্রলারডুবির ঘটনার খবর পাওয়ার পর থেকেই কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারের লক্ষ্যে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় উদ্ধার কাজ কিছুটা কঠিন হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ জেলেদের পরিবারে বর্তমানে চলছে শোকের মাতম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন