প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণ বর্তমানে খেলাপি অবস্থায় রয়েছে। খেলাপি ঋণের পরিমাণ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে পুনঃতফসিলের নীতিমালা শিথিল করছে। এই সুযোগের সদ্ব্যবহার করে গত এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। তবুও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেনি। ওই তিন মাসে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৪২ কোটি টাকায়। অর্থাৎ, বিপুল পরিমাণ ঋণ পুনঃতফসিল করার পরেও খেলাপি ঋণের বৃদ্ধি ঘটেছে। পুনঃতফসিল না হলে এই বৃদ্ধির পরিমাণ আরও বেশি হতো।
ব্যাংকারদের মতে, গত কয়েক বছর ধরে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে। নতুন সরকার গঠনের পরও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ চাপের মধ্যে রয়েছে। এর ফলে অনেক ঋণগ্রহীতা ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি গ্রাহকদের ঋণ পরিশোধের জন্য নানা সুবিধা প্রদান করেছে। এর মধ্যে একটি হলো নামমাত্র ডাউন পেমেন্টে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ। বড় গ্রাহকদের পাশাপাশি ছোট গ্রাহকরাও এই সুবিধা গ্রহণ করেছেন। ফলে পূর্বের তুলনায় সাম্প্রতিক সময়ে পুনঃতফসিল করা ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একাধিক দফায় পুনঃতফসিল নীতিমালায় শিথিলতা এনেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী ঋণ পুনঃতফসিলের জন্য সাধারণত সাড়ে চার শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ সাত বছরের সময় এবং এক বছরের গ্রেস পিরিয়ড পাওয়া যায়। নতুন সুবিধার আওতায় এসব শর্ত অনেকাংশে শিথিল করা হয়েছে। এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের খেলাপি ঋণগ্রহীতাদের জন্য দুবছর ঋণ পরিশোধে বিরতি সহ ১৫ বছরের মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ দেওয়া হয়েছে।
এর চেয়ে কম অঙ্কের ঋণের ক্ষেত্রে ১০ বছরের মেয়াদে পুনঃতফসিলের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের সময় বকেয়া ঋণের এক শতাংশ জমা দিতে হবে। বাকি এক শতাংশ পুনঃতফসিল কার্যকর হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ, মোট দুই শতাংশ ডাউন পেমেন্ট দুই ধাপে পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
এসব সুবিধা কাজে লাগিয়ে গত এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এই তালিকায় দুর্বল ব্যাংকগুলোর পাশাপাশি ভালো ব্যাংকও অন্তর্ভুক্ত রয়েছে। গত জুন প্রান্তিকে ইসলামী ব্যাংক তিন হাজার ৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এরপরও ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে। ওই সময় ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫২.১৫ শতাংশ। মূলত ব্যাংকটি থেকে এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না হওয়ায় খেলাপি ঋণ বাড়ছে।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন বলেন, "বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় বড় ঋণগ্রহীতারা ঋণ পুনঃতফসিলে এগিয়ে আসছেন না। এ পর্যন্ত যেসব ঋণ পুনঃতফসিল করা হয়েছে, সেগুলোর বেশিরভাগই মাঝারি গ্রাহকদের। বড় ঋণগ্রহীতাদের ঋণ পুনঃতফসিল করতে হলে যে পরিমাণ ডাউন পেমেন্ট দিতে হয়, তা দিতে আগ্রহী নন তারা। ফলে বড় গ্রাহকদের ঋণ পুনঃতফসিল হচ্ছে না।"
এ সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১,৯৭৭ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। তখন ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১০ হাজার ৬৪৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬.৪৭ শতাংশ। এবি ব্যাংক ১,২৫৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করার পরও খেলাপি ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ৩২৫ কোটি টাকা বা ৫৬.০৪ শতাংশ।
এ ছাড়া প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি টাকা, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি টাকা এবং যমুনা ব্যাংক ৫১২ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। একই সময়ে অগ্রণী ব্যাংক ৪৭৩ কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭২ কোটি টাকা এবং ব্যাংক এশিয়া ৪৫৫ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে।
এ বিষয়ে জানতে একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকে (এমডি) ফোন ও মেসেজ পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আমার দেশকে বলেন, "সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি নীতিমালা দিয়েছে। সেগুলো কাজে লাগিয়ে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটি হলো পুনঃতফসিল। অনেকে ঋণ পুনঃতফসিল করছেন। আবার অনেকে এখন আসছেন। আগামী ডিসেম্বরে এসব সার্কুলারের ভালো ফলাফল দেখা যাবে।"
নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "সামগ্রিক অর্থনীতির মন্থর গতি ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা কমিয়ে দিয়েছে। বিভিন্ন সুবিধার ফলাফল পুরোপুরি এখনো দেখা যাচ্ছে না। তবে ধীরে ধীরে গ্রাহক এসব সুবিধা নিতে আসছেন। আশা করি ডিসেম্বরের মধ্যে ভালো ফলাফল পাওয়া যাবে।"
এদিকে গত তিন মাসে ঋণ পুনঃতফসিলের পাশাপাশি ব্যাংকগুলো ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০ কোটি টাকা মওকুফ করেছে প্রাইম ব্যাংক। এ ছাড়া ইউসিবি ৭৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি, ন্যাশনাল ব্যাংক ৬৬ কোটি, সোনালী ব্যাংক ৬৭ কোটি, কৃষি ব্যাংক ৫৪ কোটি, পূবালী ব্যাংক ৩৬ কোটি, সাউথ বাংলা ব্যাংক ৩৭ কোটি, জনতা ব্যাংক ৩৯ কোটি, এমটিবি ৩১ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ৩০ কোটি, অগ্রণী ব্যাংক ৩৪ কোটি, যমুনা ব্যাংক ২২ কোটি এবং মিডল্যান্ড ব্যাংক ১৭ কোটি টাকার সুদ মওকুফ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন