১২:৪৪ এম
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের হেল্পলাইনে সারা দেশ থেকে ৩ হাজার ৭২০টি কল এসেছে। এর মধ্যে ৩৭৬টি কল এসেছে আইনি পরামর্শ সেবা গ্রহণের জন্য এবং ৭২৯টি কল এসেছে বিভিন্ন মামলার তথ্য জানতে চাওয়ার উদ্দেশ্যে।
নাগরিকদের প্রয়োজনীয় সব তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবাপ্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত মোট ৬৮টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনি সেবাপ্রাপ্তি, নথি নিখোঁজ এবং দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৫৭টি অভিযোগ রয়েছে, যার মধ্যে নথি নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগের নিষ্পত্তির কার্যক্রম চলছে এবং অন্যান্য বিষয়গুলোর সমাধান করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।
শফিকুল ইসলাম আরো জানান, বাকি ১১টি অভিযোগ সম্পর্কিত নানা অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের সাথে সম্পর্কিত। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকগণের বিরুদ্ধে ১টি অভিযোগ, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৭টি অভিযোগ (যার মধ্যে ৪টি অভিযোগ প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়েছে) এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ৩,৯৬২ মামলা
গণসংযোগ কর্মকর্তা জানান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ৪৩২টি কল এসেছে। হেল্পলাইনে আনা অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এ বিষয়ে কী করণীয় সে সম্পর্কে তাদের পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া, হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য যে কলগুলো প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি, সেসব কলের সংখ্যা ২ হাজার ১১৫টি।
২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘হেল্পলাইন’ সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত ও সহজ করতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যায়।
বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের সহায়তার জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সেবা এবং ‘১০৩’ নম্বরে অনলাইন সেবা চালু রয়েছে।
আরও পড়ুন: সরকার ২০২৭ সালের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন