প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তালেবান প্রশাসন আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক অভিযোগের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভিত্তিহীন ও অমূলক অভিযোগ না করে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় আলোচনা করা।
এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি সাম্প্রতিক সীমান্ত সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত সংক্রান্ত সহিংসতা ও হামলায় ১১০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু।
পাকিস্তানকে কূটনৈতিক ও গঠনমূলক পথ বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলখি বলেন, অন্যের ঘাড়ে দোষ চাপানোর পরিবর্তে নিজেদের জনগণের কল্যাণে এবং প্রকৃত কূটনীতির মাধ্যমে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা উচিত।
এর আগে, আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে বলে অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ওই মন্তব্যের কঠোর জবাব দিয়ে আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা ও সংকট ঢাকতেই আফগানিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি মন্তব্য ও সীমান্ত সংঘর্ষ আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ইস্যুতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব এবং চলমান কূটনৈতিক সংকটকে আরো স্পষ্ট করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন