প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, "সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।" এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, "রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে উসকানিতে ভাঙচুর করা হয়েছে। যারা করেছে, তারা ঠিক করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।"
ভূমিমন্ত্রী আরও জানান, এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে যারা অকারণে স্টেশনের সরকারি সম্পদে হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ভাঙচুরের পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর করা বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষাকক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।
এই সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। আর স্টেশনে হামলার ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।
স্টেশনে হামলার সময় ভূমিমন্ত্রী রাজশাহীতে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহী এসে তিনি রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন