প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন নবম মৈত্রী সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। দীর্ঘদিনের জনদাবির পর এবার সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির যেকোনো সময় প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলে জানিয়েছেন তিনি। ২০৩০ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সোমবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।
সেতু নির্মাণকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দুমকী উপজেলার চর গরবদি এলাকায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। অধিগ্রহণ করা এলাকায় অবস্থিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার কার্যক্রমও চলছে।
এর আগে বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী আবিরার একটি চিঠি প্রধানমন্ত্রীর নজরে আসে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ১৯ মে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে ঢাকা থেকে সড়কপথে প্রায় পাঁচ ঘণ্টায় লোহালিয়া নদীর চর গরবদি এলাকায় পৌঁছানো সম্ভব হলেও নদী পারাপারের জন্য ফেরির অপেক্ষায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হয়। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী, কৃষক ও পণ্য পরিবহনকারীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেতুটি চালু হলে ঢাকা থেকে বাউফল হয়ে দশমিনা ও গলাচিপায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ফলে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে সকালে ঢাকায় গিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করে একই দিন সন্ধ্যায় বাড়ি ফেরা সম্ভব হবে।
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সেতুটি অনেক আগেই নির্মাণ হওয়া প্রয়োজন ছিল। এত দিন কেন এটি বাস্তবায়ন হয়নি, তা অতীতের সরকারই ভালো বলতে পারবে। সেতুমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির যেকোনো দিন প্রধানমন্ত্রী স্বপ্নের এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
তিনি আরও বলেন, ‘সেতুটি নির্মিত হলে বাউফল ও দশমিনা অঞ্চলকে ঘিরে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য সহজেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে পারবেন। এতে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।’
এদিকে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে আরও বিস্তৃত করার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি জানান, তেঁতুলিয়া নদীর পূর্ব পাশে ভোলা জেলার সঙ্গে বরিশালের যোগাযোগ স্থাপনে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ওই সেতুর একটি অংশ বাউফলের ধুলিয়ার সঙ্গে যুক্ত করা সম্ভব হলে বৃহত্তর যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা যাবে।
তাঁর পরিকল্পনা অনুযায়ী, কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও ভোলা হয়ে বাউফলের ওপর দিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত ও পায়রা বন্দরসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।
এ ধরনের যোগাযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ, পর্যটন, পণ্য পরিবহন ও বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংসদ সদস্য।
দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশায় এখন লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের বাস্তব অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন বাউফল, দশমিনা ও গলাচিপার বাসিন্দারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন