প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ৩ ঘন্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন। মানিকগঞ্জ জেলা প্রশাসক সেলফি পরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার আশ্বাস দেওয়ার পর দুপুর ১২টায় স্থানীয় জনতা তাদের অবরোধ তুলে নেয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি সেলফি পরিবহন বাস যাত্রীবাহী একটি চলন্ত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোতে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে একজন হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মৌহালি গ্রামের তাহাজের পুত্র মো: ইয়াছিন (২১)। অপরজন একই গ্রামের মো: মোজাহারের পুত্র বাবুল (২৮) হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত ৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় জনতা সেলফি বাস বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
শিবালয় থানা পুলিশ ও বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দীর্ঘ ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। পরবর্তীতে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সেলফি বাস সাময়িক বন্ধ রাখার আশ্বাস দিলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার ওসি মো: হারুন অর রশীদ বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাইপাস সড়ক থেকে যাত্রীবোঝাই অটোরিকশাটি হাইওয়েতে নামার সময় ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি বাস অটোরিকশাকে চাপা দিলে দুই যাত্রী নিহত হয় এবং তিনজন আহত হয়।
নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আহত ৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন সুলতানা বলেন, সেলফি বাস দুর্ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে বাস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন