প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাঁদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান স্থগিত করেছে। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে আবারও অভিযান শুরু করবে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬), টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে সৌরভ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তাঁরা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে সাঁতার না জানা তিনজন গভীর পানিতে তলিয়ে যান। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।
এ ঘটনার পর সঙ্গে থাকা লোকজন স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা নদীতে নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাননি। প্রবল স্রোতের কারণে পরে রাতের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, সাঁতার না জানায় তাঁরা স্রোতে তলিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও উদ্ধার অভিযান সমন্বয় করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন