প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি নিয়ে বিশ্বজুড়ে চলা বিতর্কের তীব্রতায় নতুন করে যুক্ত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছেন যে, মানবিক সহায়তার আড়ালে ইউএসএআইডি বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং এর কর্মকাণ্ডের ফলে ‘অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে’। মাস্ক এই বিস্ফোরক মন্তব্যটি গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক্স-এ এক ব্যবহারকারীর পোস্টের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক ইউএসএআইডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ইউএসএআইডিকে বিভিন্ন দেশে সরকার পরিবর্তন, ‘কালার রেভল্যুশন’ এবং নির্বাচনে হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মাস্ক ওই দাবিকে সমর্থন জানিয়ে সরাসরি লিখেছেন, ‘একদম ঠিক। তাদের কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে।’
অন্য একটি পোস্টে মাস্ক আরও অভিযোগ করেন যে, সামান্থা পাওয়ার ইউএসএআইডির প্রধান থাকাকালীন সংস্থাটি মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করে বিশ্বজুড়ে ৬ হাজার ২০০ জনেরও বেশি সাংবাদিককে আর্থিক সহায়তা বা ঘুষ দিয়ে তাঁদের আনুগত্য কিনে নিয়েছিল। মাত্র দুদিন আগে মাস্ক এক গবেষকের পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে ইউএসএআইডিকে একটি বৈশ্বিক ‘কালার রেভল্যুশন মেশিন’ হিসেবে চিহ্নিত করা হয়। এর পরপরই জর্জিয়ার ক্ষমতাসীন দলের কর্মকর্তারা অভিযোগ করেন যে, ২০০৮ সাল থেকে সংস্থাটি জর্জিয়ায় ১ বিলিয়ন ডলারের বেশি খরচ করে সরকারবিরোধী আন্দোলন উসকে দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’-এর প্রধান হিসেবে, মাস্ক ২০২৫ সালের শুরুতে ইউএসএআইডির অধিকাংশ কার্যক্রম বন্ধ করে সংস্থাটিকে কার্যত ভেঙে দিয়েছিলেন। গত জুলাই মাসে ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক দাবি করেছিলেন, ইউএসএআইডির তহবিল বন্ধ করার কারণে বিশ্বে ‘শূন্য’ মানুষের মৃত্যু হয়েছে।
যদিও ঠিক যেদিন মাস্ক ইউএসএআইডির বিরুদ্ধে মৃত্যুর অভিযোগ তুললেন, সেদিনই নিউইয়র্ক টাইমসের খ্যাতিমান কলামিস্ট নিকোলাস ক্রিস্টোফ দক্ষিণ সুদান ঘুরে এসে এক হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে তিনি দেখান যে, মাস্কের নির্দেশে ইউএসএআইডির সহায়তা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ সুদানে শতাধিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং জীবনরক্ষাকারী ওষুধের অভাবে এইডস আক্রান্ত অনাথ শিশু ও প্রসূতি মায়েদের করুণ মৃত্যু হচ্ছে। বোস্টন ইউনিভার্সিটি ও ‘দ্য ল্যানসেট’-এর গবেষণায় দাবি করা হয়েছে, মার্কিন সহায়তা বন্ধের ফলে প্রথম বছরেই কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইউএসএআইডি বন্ধ করার ফলে বিশ্বজুড়ে যে মানবিক বিপর্যয় ও মৃত্যুর দায়ভার মাস্কের ওপর চাপানো হচ্ছে, তা থেকে নজর ঘোরাতেই তিনি এখন সংস্থাটির অতীত কর্মকাণ্ডকে ‘মৃত্যুর কারণ’ হিসেবে আখ্যা দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছেন।
সূত্র: তাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন