প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমিয়েছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগ আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতনির্ভর।
তিনি আরো বলেন, 'মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। যখনই সুযোগ আসবে, ততই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তি আনতে চেষ্টা করবো।'
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'এই তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কোথাও বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ এসেছে, আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার স্থাপন করেছি। সেখানে যোগাযোগ করে অভিযোগ সমাধানের নির্দেশনা দিয়েছি।'
তিনি আরও বলেন, 'বিএনপি জনগণের সরকার, জনগণের সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হতে বলা হয়েছে।'
এ সময় প্রতিমন্ত্রীর সাথে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তিনি সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ১৯৯১ সালে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতিবছর এই কর্মসূচির বিস্তৃতি লাভ করেছে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের বিষয়ে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুল থেকে শুরু করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ রোপণের ব্যবস্থা নিচ্ছে।
আজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন