ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে  ১২ জনের প্রাণহানি


ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে  ১২ জনের প্রাণহানি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ :  ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর  রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন মারা গেছে। দেশটির সরকার রোববার এ তথ্য জানিয়েছে।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের পরিচয় শনাক্তের কাজ এখনও চলছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের গোপন যোগাযোগ ইরানের সঙ্গে, হামলার হুমকি প্রকাশ্যে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে বিপুলসংখ্যক মানুষ একটি সরু সিঁড়ি দিয়ে ভবনটির বাইরে বের হওয়ার চেষ্টা করছেন।
অগ্নিকাণ্ডের পর সরকার জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনের স্থানগুলোতে নিয়মিত ও কঠোর নিরাপত্তা পরিদর্শন চালানোর ঘোষণা দিয়েছে। নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে ব্যর্থ কোনো স্থাপনা পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কিনশাসায় অগ্নিকাণ্ডের অন্যতম সাধারণ কারণ হিসেবে প্রায়ই ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও স্থাপনাকে দায়ী করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান ‘নজিরবিহীন’ চ্যালেঞ্জের সম্মুখীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান ‘নজিরবিহীন’ চ্যালেঞ্জের সম্মুখীন

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্ধার অভিযান ‘কঠিন’ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স।
হিমালয় অঞ্চলের জলবিদ্যুৎ প্রকল্পের একাধিক টানেলে একই সঙ্গে উদ্ধার অভিযান চলছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন-নেপাল সীমান্তে গত ২৬ আগস্ট হিমবাহ ও পাহাড় ধসের ঘটনায় দুই দেশে অন্তত ১ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। এখনো ৫ হাজার ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে শত শত জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান সোমবার ১৩তম দিনে গড়িয়েছে।

ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিক্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’

তিনি বলেন, ‘এটি শুধু একটি উদ্ধার অভিযান নয়; একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক সম্ভাব্য উদ্ধার অভিযান চলছে। প্রতিটি স্থানে রয়েছে আলাদা ঝুঁকি, অনিশ্চয়তা ও এখনো বেঁচে থাকা মানুষের উদ্ধারের সম্ভাবনা।’

ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সোমবার নেপালে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

তবে শোক দিবস হলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সোমবার এএফপিকে বলেন, ‘প্রথম দিনের মতো একই গতিতে আমাদের উদ্ধারকাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তিনটি স্তরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো— স্থলপথে, আকাশপথে ও টানেলের ভেতরে। আমরা নিশ্চিত করতে চাই যে কেউ যেন সেখানে আটকে না থাকেন।’

টানেলের গভীর ভেতর থেকে তিনজন শ্রমিককে জীবিত উদ্ধারের ঘটনায় অন্যদেরও জীবিত পাওয়ার আশা বেড়েছে। শুক্রবার দুই নেপালি শ্রমিক ও শনিবার এক চীনা নাগরিককে উদ্ধার করা হয়।

নেপালের উদ্ধারকারী দলগুলোকে সহায়তা করছেন চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার উদ্ধার বিশেষজ্ঞ ডিক্সও।

ডিক্স বলেন, ‘আমাদের সাফল্য শুধু কতজনের জীবন আমরা বাঁচাতে পারলাম, তা দিয়ে বিচার করা হয় না; বরং যাদের আমরা পরিত্যাগ করতে অস্বীকার করি, তাদের জীবন দিয়েও তা বিচার করা হয়।’

২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিলকিয়ারা টানেল ধসে ১৭ দিন আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ডিক্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌনকর্মের পেশাকে বৈধ করার দাবি অভিনেত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


যৌনকর্মের পেশাকে বৈধ করার দাবি অভিনেত্রীর

 

মডেল ও অভিনেত্রী পুনম পান্ডের জন্য আলোচনা ও বিতর্ক যেন একে অপরের সাথে জড়িত। তার কর্মকাণ্ড এবং খোলামেলা মন্তব্যের কারণে তিনি প্রায়ই সংবাদমাধ্যমের শিরোনামে আসেন। সম্প্রতি, যৌনকর্মের পেশাকে সরকারি বৈধতা দেওয়ার পক্ষে মন্তব্য করে তিনি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন।

একটি পডকাস্টে অংশ নিয়ে পুনম সমাজে নারীদের ওপর সংঘটিত অপরাধ কমানোর উপায় নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে পুরুষদের মানসিক চাপ অত্যধিক বেড়ে গেছে। তার মতে, যদি যৌনকর্মকে সরকারিভাবে একটি নির্দিষ্ট আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় বৈধতা দেওয়া হয়, তবে নারীদের বিরুদ্ধে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।

পুনম শুধু যৌনকর্ম নিয়ে মন্তব্য করেই থেমে থাকেননি। তিনি নিজের তৈরি খোলামেলা ভিডিওগুলোর বিষয়েও কথা বলেছেন। এই ভিডিওগুলো তৈরি করা তিনি কোনো অপরাধ বা ‘পাপ’ মনে করেন না। বরং, তিনি এটিকে একটি ‘সমাজসেবা’ হিসেবে উল্লেখ করেছেন।

 

পুনমের বক্তব্য অনুযায়ী, সারাদিনের ব্যস্ততা বা ক্লান্তির পর যদি কেউ তার ভিডিও দেখে সামান্য মানসিক স্বস্তি পান, তবে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়ে দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা করেন, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।

তবে তার এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ এটিকে আলোচনায় থাকার নতুন কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

এটি উল্লেখযোগ্য যে, এর আগে পুনম পান্ডে নিজের ভুয়া মৃত্যুর সংবাদ ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধির নামে নিজের মৃত্যুর খবর প্রকাশ করেছিলেন তিনি, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নতুন এই বক্তব্যের মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত এই মডেল ও অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বোর্নিও দ্বীপের সারাওয়াক রাজ্যে সোমবার ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার করেছে মালয়েশিয়া।

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় বনাঞ্চলে আগুনের কারণে সেখানে বায়ুদূষণের মাত্রা এখনো খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার সারাওয়াকের রাজধানী কুচিং থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে সেরিয়ানে বায়ুদূষণের মাত্রা সংকটজনক পর্যায়ে পৌঁছানোর পর রাজকীয় অনুমোদন নিয়ে জরুরি অবস্থা জারি করেছিল কুয়ালালামপুর।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার জানায়, রাজা সুলতান ইব্রাহিম ‘আজ জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা অনুমোদন করেছেন।’

এক বিবৃতিতে বলা হয়, ‘সারাওয়াকের ধোঁয়াশা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কয়েকটি এলাকায় বায়ুদূষণ সূচক (এপিআই) এখনো খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।’

শুক্রবার সেরিয়ানে এপিআই ৫০০-এর সংকটসীমা ছাড়িয়ে যায়। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন শহরটির এপিআই সর্বোচ্চ ৫১৯-এ পৌঁছেছিল।

মালয়েশিয়ার নির্দেশনা অনুযায়ী, বাযুদূষণ সূচকের মাত্রা (এপিআই) ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। আর ৫০০-এর বেশি হলে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারির সীমা অতিক্রম করে।

শুক্রবার রাতে ও শনিবার সকালে সেরিয়ানে বৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, মেঘবীজ পদ্ধতির মাধ্যমে এই বৃষ্টি ঘটানো হয়েছিল। এতে কিছুটা স্বস্তি মেলে।

সারাওয়াকের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বোর্ড জানায়, সোমবার এপিআই কমে ২০০-এর নিচের দিকে নেমে এসেছে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকা কয়েক সপ্তাহ ধরে বিষাক্ত ধোঁয়াশায় ঢাকা রয়েছে। বোর্নিও ও সুমাত্রার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়া হিমশিম খাচ্ছে। এসব আগুনের ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়েও ছড়িয়ে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ারের মায়া ছাড়তে পারছেন না ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


চেয়ারের মায়া ছাড়তে পারছেন না ইনফান্তিনো

 

পদত্যাগের দাবি উঠলেও, ২০২৭ সালের নির্বাচনে চতুর্থবারের মতো ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো।

জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং, ২০২৭ সালের নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি পদে লড়াই করার সিদ্ধান্তে তিনি অটল রয়েছেন। ফিফার মুখপাত্রও জানিয়েছেন, গত এপ্রিলে পুনর্নির্বাচনে প্রার্থী হওয়ার যে ঘোষণা ইনফান্তিনো দিয়েছিলেন, সেটি বহাল আছে।

গত কয়েক সপ্তাহে একাধিক সিদ্ধান্ত নিয়ে ফুটবল প্রশাসনে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। বিশেষ করে, ফিফার বড় ইভেন্টগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়ানোর পরিকল্পনা নিয়ে বিতর্কের পর তার পদত্যাগের দাবি ওঠে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার কয়েকটি প্রভাবশালী কনফেডারেশনের পক্ষ থেকে।

 

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্টে ২০ শতাংশ পর্যন্ত অংশীদারত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা সামনে এনেছিল সংস্থাটি। তবে, বিশ্বজুড়ে সমালোচনা ও ফুটবল প্রশাসনের ভেতরে তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা।

এরপর ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। উয়েফা, এএফসি ও কনকাকাফের মতো গুরুত্বপূর্ণ কনফেডারেশন তার পদত্যাগের দাবি জানায়। এত বিরোধিতার পরও পদ ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি।

ফিফার মুখপাত্র জানিয়েছেন, আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনফান্তিনো আবারও প্রার্থী হবেন। বর্তমানে ৫৬ বছর বয়সী এই সভাপতির প্রার্থিতার পক্ষে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনগুলোর সমর্থন রয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে, এখন পর্যন্ত ২০২৭ সালের নির্বাচনে তার বিপক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী নিজের নাম ঘোষণা করেননি।

চলমান বিতর্ক নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, নীরব থাকেননি ইনফান্তিনো। শনিবার পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

গত ছয় সপ্তাহের প্রশাসনিক ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে জানতে চাইলে ইনফান্তিনো বলেন, এ বিষয়ে তার অনেক কিছু বলার আছে। তবে, সব কথা বলার জন্য উপযুক্ত সময় ও জায়গার প্রয়োজন।

ফিফা সভাপতি বলেন, অনেক কিছুই বলার আছে, কিন্তু সবকিছু বলার একটা সঠিক জায়গা ও সময় আছে। কিন্তু আজ না, এখানে না। আজ আমরা সবাই এখানে ফুটবল উপভোগ করতে এসেছি।

ফলে একদিকে প্রভাবশালী কয়েকটি কনফেডারেশনের প্রকাশ্য বিরোধিতা, অন্যদিকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব না হওয়া এই দুই বাস্তবতার মধ্যেই ২০২৭ সালের নির্বাচনের দিকে এগোচ্ছেন ইনফান্তিনো। তার চতুর্থ মেয়াদ নিশ্চিত হবে কি না, সেটিই এখন ফুটবল প্রশাসনের বড় প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%