প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডে ‘রামায়ণ’ নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার মাঝে নতুন রূপে হাজির হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। আসন্ন সিনেমা ‘ওএম : চ্যাপ্টার ১ : উদিরাম : দ্য ব্লাড উড’-এ তিনি একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। সোমবার (২৬ অক্টোবর) সিনেমাটিতে তার চরিত্রের প্রথম ঝলক প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশিত ঝলকে দেখা যায়, তিনি লাল চন্দনকাঠ পাচারের একটি ঘটনার তদন্ত করছেন। ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা নিত্যার বনাঞ্চলের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তার বাবা ভারতীয় বন পরিষেবার কর্মকর্তা ছিলেন এবং বন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। বাবার স্মৃতি এবং বনাঞ্চলের প্রতি দায়বদ্ধতা নিত্যার চরিত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে।
নির্মাতাদের মতে, নিত্যার মধ্যে সততা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। চরিত্রটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সাই পল্লবীর ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লিখেছেন, ‘কুইন ইজ ব্যাক’। আরেকজনের মন্তব্য, ‘সাই এমন কিছু করছেন, যা দারুণ হতে যাচ্ছে।’ কেউ কেউ সাই পল্লবীর অভিনীত চরিত্রটিকে সবচেয়ে ‘কুল’ চরিত্রগুলোর মধ্যে একটি বলেও মন্তব্য করেছেন।
ধানুশের সঙ্গে সাই পল্লবীর পর্দার রসায়ন নিয়েও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে। এর আগে ‘রাউডি বেবি’ গানের মাধ্যমে এই জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। নতুন সিনেমায় তাদের আবারও একসঙ্গে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করছেন। একজন লিখেছেন, ‘রাউডি বেবি জুটি আবার ফিরেছে।’
এদিকে সাই পল্লবীর বলিউড অভিষেকের সিনেমা ‘রামায়ণ’ নিয়েও চলছে নানা আলোচনা। এতে সীতার চরিত্রে তিনি অভিনয় করেছেন। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটি রাম ও সীতার সম্পর্ক এবং তাদের একসঙ্গে পথচলাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যা সংগীতের বাইরেও নানা কারণে আলোচনায় এসেছে। গানে কাওয়ালির আদলের সুর ব্যবহার করায় সংগীত পরিচালক এ আর রহমানের সমালোচনা করেছেন কেউ কেউ।
এছাড়া, রামের গায়ে হলুদ লাগানোর একটি দৃশ্যে সীতার উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে। যদিও কারো কারো ধারণা, দৃশ্যটি অভিষেক বা রাজ্যাভিষেকের কোনো আয়োজনের অংশ হতে পারে।
‘রামায়ণ’ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মাঝে নতুন সিনেমায় সাই পল্লবীর ভিন্নধর্মী চরিত্র ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওএম : চ্যাপ্টার ১ : উদিরাম : দ্য ব্লাড উড’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ ও মাম্মুটি। সিনেমাটির মুক্তির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন