প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কঠোর উদ্যোগ গ্রহণ করেছে কারেন্ট জালসহ সব ধরনের অবৈধ মাছ ধরার জালের ব্যবহার বন্ধে, যাতে বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণ সহজ হয়। উপকূলীয় অঞ্চলে অবৈধ মাছ ধরার জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের ফলে ইতোমধ্যে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সংসদের বৈঠকটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও জানান, মৎস্য অধিদপ্তর মাছের অভয়াশ্রম স্থাপন, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অসাধু জেলেরা কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এই পদ্ধতিতে নৌযান থেকে টেনে জাল ফেলে মাছ ধরা হয়, যা দেশের বিভিন্ন প্রজাতির মাছের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ পদ্ধতি বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে, মাছের মজুত কমিয়ে দিচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীদের অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি জানান, মাছের সুরক্ষা ও সংরক্ষণে সরকার ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এছাড়া সারাদেশে মোট ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশে ৯৭৮টি বিলে নার্সারি স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, পরিবেশের অবক্ষয়ের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রাণী ও পাখি সংরক্ষণে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুরের হনুমানতলায় অবস্থিত রংপুর চিড়িয়াখানায় বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিপন্ন বন্যপ্রাণীর সুরক্ষা, প্রজনন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, দেশীয় বিপন্ন প্রাণী ও পাখির সংরক্ষণ এবং গবেষণায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে গয়াল, মায়া হরিণ, মুন্সীগঞ্জের গরু, রেড চিটাগাং গরু, পাবনা ক্যাটল, পাহাড়ি মুরগি, গোলচিলা দেশি মুরগি, তিতির, আচিল মুরগি এবং গাড়ল ভেড়া।
বাংলাদেশের জন্য আইইউসিএনের (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) লাল তালিকার মূল্যায়ন অনুযায়ী, মূল্যায়ন করা ২৫৩টি দেশীয় স্বাদুপানির মাছের প্রজাতির মধ্যে ৩০টি বিপন্ন (এনডেঞ্জার্ড), ৯টি মহাবিপন্ন (ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড) এবং ২৫টি সংকটাপন্ন (ভালনারেবল) হিসেবে শ্রেণিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন