প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রায়পুরে দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বোমাসদৃশ বস্তু সন্দেহে এই কৌটাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল রায়পুরে পৌঁছে কৌটা দুটি পরীক্ষা করে। বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেগুলো নিষ্ক্রিয় করার পূর্ব পর্যন্ত ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তি অভিযুক্ত হন। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত সোমবার তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরদিন বাড়িটির উঠানে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা দুটি পাওয়া যায়।
স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে বেড়া তৈরি করেছিলেন তারা। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ ছিল না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উঠানে পুঁতে রাখা কৌটায় বোমা পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন