প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা এতে অংশ নেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় মেরুং বাজার এলাকায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে ‘মাদকমুক্ত করব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এমন নানা স্লোগান দেওয়া হয়।
র্যালিটি মেরুং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, এসআই রাজিব শেখ, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম দুলাল, দীঘিনালা থানা ও মেরুং পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের একার পক্ষে সম্ভব নয়; এলাকার মানুষকে তথ্য দিয়ে ও সচেতনভাবে পুলিশের পাশে দাঁড়াতে হবে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিস্তার ঠেকাতে পরিবার, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন।
র্যালিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন জানান, এলাকায় মাদকবিরোধী এমন কর্মসূচি নিয়মিত হলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতেও মেরুংসহ উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন