কুড়িগ্রামে পরিবেশ রক্ষায় পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাকিবুল হাসান, কৃষি বিপণন কর্মকর্তা কার্যালয়ের মাঠ ও বাজার পরিদর্শক মো. শফিউল আজম, স্থানীয় জিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শমশের আলী, আদর্শ পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওয়াদুদ মন্ডল, বেকারি সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম মুকুলসহ পরিবেশবাদী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এর ব্যবহার কমাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিকল্প সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি পলিথিনের পরিবর্তে কাগজের ঠোঙা, পাট ও চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে খাবার পানি পরিবেশনের ক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে কাঁচের জগ ও গ্লাস ব্যবহার এবং বিভিন্ন অনুষ্ঠান, চা ও কফি পানের সময় ওয়ানটাইম প্লেট ও গ্লাস পরিহারের আহ্বান জানান।
সভায় পরিবেশ রক্ষায় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।