প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান, নিরাপত্তা উদ্বেগ এবং চোরাচালান প্রতিরোধের কারণে ইরানের সঙ্গে গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় একটি স্মারকলিপি প্রকাশ করেছে। এতে ৩ অক্টোবর জারি করা পূর্ববর্তী আদেশটি অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করা হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা শহিদ রিন্দ জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার জন্য এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাধনের লক্ষ্যে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের কর্মকর্তারা সমস্যা সমাধানের জন্য আলোচনা অব্যাহত রেখেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে শিগগিরই সীমান্ত খুলে দেওয়া হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও সীমান্ত বন্ধের বিষয়টিকে সাময়িক বলে অভিহিত করেছেন। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে দুই দেশ আলোচনা করছে।
এদিকে, পাকিস্তানের কোয়েটা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত ব্যবসায়ীদের নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন আমদানি-রপ্তানি আদেশ দেওয়া থেকে বিরত থাকার জন্য বলেছে। সীমান্তের দুই পাশে এলপিজি, চাল, তাজা ফলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকা পড়েছে। তবে রিমদান-গাবদ সীমান্ত দিয়ে যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।
গাবদ-রিমদান পথ দিয়ে প্রতিদিন প্রায় চার হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করা হতো। এই পথ বন্ধ থাকায় পাকিস্তানের করাচিসহ বিভিন্ন এলাকায় এলপিজি সংকট এবং বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে রপ্তানি ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতি এবং কর্মসংস্থান সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তান ও ইরান সীমান্ত বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে শুল্কপ্রক্রিয়া সহজীকরণের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। আগস্টে দুই দেশের যৌথ বাণিজ্য কমিটির বৈঠকে সীমান্ত চব্বিশ ঘণ্টা খোলা রাখার, পরিবহনব্যবস্থা উন্নয়ন এবং শুল্কপ্রক্রিয়া সমন্বয়ের বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে নতুন করে বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
সূত্র: ডন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন