শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ এম
ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসু (৪০) হত্যার ঘটনা পাঁচ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা রহস্য উদঘাটন করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামের এক যুবককে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়।
যেভাবে খুন হন বাদল মিয়া জোসু
পিবিআইয়ের তদন্ত ও আসামির জবানবন্দির বরাতে জানা যায়, বাদল মিয়া জোসু তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। এই সূত্রে মোর্শেদ (৩৪) নামের অপর এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং মাঝে মাঝে পুরুষদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যেতেন তিনি। অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে সুজনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
২০২১ সালের ২৪ অক্টোবর রাতে এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে ফোনে কথা হলে বাদল সম্মতি দিয়ে তাকে বাসায় আসতে বলেন। সে অনুযায়ী রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের সেমি পাকা টিনসেড বাড়িতে মোর্শেদের ভাড়াকৃত কক্ষে যান সুজন। সেখানে তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই যৌন সম্পর্কের প্রস্তাব দেন।
পিবিআই জানায়, ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাদল জোর করে সুজনের শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেন এবং আরও ৫ হাজার টাকা এনে দিতে বা যৌন সম্পর্কে রাজি হতে হুমকি দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সুজন বাদলের ঘাড়ের বাম পাশে ঘুসি মারলে তিনি খাটে পড়ে হাঁপাতে থাকেন। পরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে বাদলের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে আত্মগোপনে চলে যান সুজন।
তদন্তের দীর্ঘ পথপরিক্রমা
ঘটনার পরদিন ২৫ অক্টোবর বাদলের বাবা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা (মামলা নং-৬০, পেনাল কোডের ৩০২/৩৪ ধারা) করেন। প্রায় ছয় মাস থানা পুলিশ তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি সিআইডিতে যায়। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে সিআইডি আদালতে চূড়ান্ত রিপোর্ট (সত্য) দাখিল করে। তবে আদালত তা গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলায় পাঠান। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) ফরহাদ মোল্লা।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেফতারে কাজ শুরু করে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় বিরোধী দলের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা এবং দীর্ঘ নির্বাসিত জীবন পেরিয়ে গেছেন। দেশের বাইরে থেকেও দলের নেতৃত্ব সামলেছেন। অবশেষে, ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন দলকে। বর্তমানে তিনি দেশের সরকারপ্রধান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো তিনি জন্মদিন উদযাপন করবেন।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল একেবারে তৃণমূল থেকে। সময়ের পরিক্রমায় সেই পথচলা তাকে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছে।
শিক্ষাজীবন ও রাজনীতিতে হাতেখড়ি
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক রাজনৈতিক পরিবেশ তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এই সময় থেকেই তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তারেক রহমান। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বৃদ্ধি পায়।
কারাবাস থেকে দীর্ঘ নির্বাসন
তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেফতার হন। ওই সময় তারেক রহমানকে কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।
দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি।
প্রবাসজীবনের দীর্ঘ সময়জুড়ে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পেয়েছে।
প্রত্যাবর্তন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার অনুকূল পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
জন্মদিনে আয়োজন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের তরফ থেকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, আইসিজের রায়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকেই কার্যকর থাকা নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বিষয়টি জানানো হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ আচরণের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্রিটিশ সরকার পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আইসিজে এবং আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। মিয়ানমারকে আদালতের রায় মেনে চলতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে।
মিলিব্যান্ডের ভাষায়, আদালতের এই রায় থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে, এ ধরনের গুরুতর অপরাধ করেও কেউ দায়মুক্তি পেতে পারে না।
এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে রায় দেয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।
আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইসিজের এই রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে বিচারিক স্বীকৃতি পাওয়া গেছে। রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তা, ক্ষতিপূরণ এবং দায়ীদের জবাবদিহির বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। তবে, এই রায়ের পরও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন অনিশ্চিত রয়ে গেছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে এবং কবে এই জনগোষ্ঠীর সদস্যরা নিজ দেশে ফিরে যেতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যা, নির্যাতন ও নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর, এই জনগোষ্ঠীর দাবি ছিল গণহত্যার বিচার, ন্যায়বিচার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
২০১৯ সালে গাম্বিয়ার করা মামলার পর, দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে রোহিঙ্গারা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, এই রায় শুধুমাত্র গণহত্যার বিচারিক স্বীকৃতি নয়, বরং নিজেদের জাতিসত্তা ও পরিচয়ের স্বীকৃতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
তবে, রায় ঘোষণার পর নতুন করে বাস্তবায়নের প্রশ্ন সামনে এসেছে। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি, ক্ষতিপূরণ, সম্পত্তি পুনরুদ্ধার এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরির বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, আদালতের রায় একটি বড় অগ্রগতি হলেও এটি বাস্তব অধিকার নিশ্চিত করার শেষ ধাপ নয়।
বিচারিক স্বীকৃতির পরও অধিকার আদায়ের বাকি রয়েছে। রোহিঙ্গা নেতাদের মতে, আইসিজের রায় তাদের দীর্ঘদিনের পরিচয় সংকট নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা উল্লেখ করছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈশিষ্ট্যসম্পন্ন একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। তাদের পরিচয় ও অস্তিত্বের স্বীকৃতি প্রতিষ্ঠায় এই রায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর সীমান্ত সড়কে যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, আওয়ামী লীগ এর নৈরাজ্যের প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন।
বক্তব্য রাখেন যুব নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ তামজিদ, এখলাছ, এরশাদ, আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা আরেফিন সোহাগ, আব্দুল হান্নান আতাউর রহমান প্রমুখ।
বক্তাগণ আওয়ামী ফ্যাসিবাদীরা যাতে সীমান্ত পথে ভারতে পালিয়ে যেতে না পারে তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং যে কোন মূল্যে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ