প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হল চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে। চিলিতে আসার পর মেডিকেল পরীক্ষা এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।
বিমানবন্দরে ভোজিনহাকে স্বাগত জানাতে শত শত সমর্থক জড়ো হয়েছিলেন। তার নাম ধরে স্লোগান এবং উচ্ছ্বাস পরিবেশকে মুখর করে তোলে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সমর্থকদের উন্মাদনা।
কোলো-কোলো জানিয়েছে, ভোজিনহার সঙ্গে প্রাথমিকভাবে একটি ছয় মাসের চুক্তি হয়েছে। তার পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পথে নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ভোজিনহার প্রকৃত নাম জাজিমার জোসে এভোরা দিয়াস। তবে তিনি বিশ্বজুড়ে পরিচিত ‘ভোজিনহা’ নামেই। চিলির নিয়ম অনুযায়ী, জার্সিতে ডাকনাম ব্যবহারের সুযোগ না থাকলেও কোলো-কোলোর বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত সেই নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
চিলির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ১৬ আগস্ট কোলো-কোলোর জার্সিতে তার অভিষেক হতে পারে।
২০০৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ভোজিনহা অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা, স্লোভাকিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলেছেন। সবশেষে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে ছিলেন। জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাববিহীন অবস্থায় বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন ভোজিনহা। পরে উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কেপ ভার্দেকে নকআউট পর্বে উঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষ ষোলোতে আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স করেও ৩-২ গোলে হারে তার দল। চার ম্যাচে ধারাবাহিক দারুণ পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের সেরা একাদশেও তার জায়গা হয়।
বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে ভোজিনহার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। স্পেন ম্যাচের পর সেটি দ্রুত বেড়ে কোটি ছাড়ায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় তিন কোটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন