প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দীঘিনালা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি দীঘিনালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। এছাড়া এসআই রাজিব শেখ, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, থানা পুলিশের সদস্য, বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে শুধু প্রশাসন বা পুলিশের একার পক্ষে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও পুলিশ কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
র্যালি ও সমাবেশে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন