শোরাফ উদ্দিন রামগতি-কমলমগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৮:৩২ পি.এম
রাষ্ট্রের প্রতিটি স্তরে ইনসাফ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতার কার্যকর ভারসাম্য সৃষ্টি করতে হবে।
একই সঙ্গে সরকারি এবং বিরোধী দল যেন একে অপরের প্রতিপক্ষ না হয়ে গণতন্ত্রের পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে, সেই ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সে লক্ষ্যেই কাজ করছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ‘জুলাই যোদ্ধা শহীদ মো. মাজহারুল ইসলাম (মাসরুর)’ সড়কের উদ্বোধন শেষে এক সভায় জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এসব কথা বলেছেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সভার আয়োজন করেছে। হুইপ নিজান আরো বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ইনসাফ, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত হবে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পূর্বঘোষিত ২৭ দফার সঙ্গে আরও চারটি নতুন দফা যুক্ত করে একটি সর্বদলীয় রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের কাজ চলছে। দেশের তরুণ সমাজ, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে গ্রামে গ্রামে রাষ্ট্র সংস্কারের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
স্থানীয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
কোনোভাবেই দুর্নীতি, টেন্ডারবাজি বা অনৈতিক সুবিধা গ্রহণের সুযোগ দেওয়া হবে না। মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ তরুণ উল্লেখ করে তিনি বলেন, এই তরুণদের সম্পৃক্ত করেই হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।
পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং শহীদ মিনারের পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান জানিয়ে হুইপ নিজান বলেন, সরকার ভালো কাজ করলে তা সমর্থন করা হবে, আর ভুল বা অন্যায় করলে সেই সমালোচনাও আমরা সাদরে গ্রহণ করবো।
দীর্ঘমেয়াদি ক্ষমতার লোভ ও একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের স্পন্দন হলরুমে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আইনশৃঙ্খলা সভায় বক্তারা নদীভাঙন এলাকায় খাজনা আদায় পুনরায় চালু, তহশিল অফিসে খাজনার রশিদে অনিয়ম বন্ধ, নামজারিতে স্বচ্ছতা নিশ্চিত এবং মাদক ও চুরির ঘটনায় পুলিশের তৎপরতা জোরদার করার আহ্বান জানান।
এছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের হয়রানি, বাজারে নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ এবং হাজিরহাটের জারিরদোনা খাল দখলমুক্ত ও পুনঃখননের বিষয়গুলোও সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদানের চাল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধের উদ্দেশ্যে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল পাঁচটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। বক্তাদের মধ্যে ছিলেন কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী মৌমিতা সাহা, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থীদের অভিভাবক ইলিয়াস শেখ, শামসুন্নাহার বেগম ও মরিয়ম বেগম প্রমুখ।
সভায় বক্তারা এ ব্যাপারে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “বাল্যবিয়ে রোধে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদের সচেতনতা ছাড়া এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের স্বপ্ন পূরণে পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের বিষয়ে উৎসাহিত করা যাবে না। বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
সভায় উপস্থিত অভিভাবকরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন থাকার এবং নিজেদের সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সম্পর্কে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থাটির কাছে নথিপত্র চেয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠির মাধ্যমে বিসিবির কাছে নথি চাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এই তথ্য জানিয়ে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেছেন। অভিযোগ তদন্তের জন্য মো. সাইদুজ্জামানকে দলনেতা করে সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক সুবিমল চাকমার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়াও পাপন ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি। দুদক জানাচ্ছে, পাপনের বিরুদ্ধে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থের আত্মসাৎ, নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে এবং বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে কর্মরত জামাতা ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের স্বার্থে বিসিবি থেকে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক ও ঠিকাদার নিয়োগ, দরপত্র, কার্যাদেশ, চুক্তিপত্র, বিল পরিশোধ, ব্যয় প্রাক্কলন, প্রকল্প অনুমোদন এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব নথিপত্র চাওয়া হয়েছে।
এছাড়াও পাপনের দায়িত্বকালে বিসিবির আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন, আইসিসি ও এসিসির অর্থ প্রাপ্তির তথ্য, বিপিএল আয়োজন, লজিস্টিকস ও প্রটোকল খরচ, বিদেশি কোচ নিয়োগ, 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০', এ. আর. রহমানের কনসার্ট, বঙ্গবন্ধু বিপিএল, অডিট ফার্ম নিয়োগ এবং অন্যান্য সংশ্লিষ্ট আর্থিক নথিও সরবরাহ করতে বলা হয়েছে।
সৌজন্যে: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী শনিবার, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শুরু হতে যাচ্ছে। এই বিশাল আয়োজনে নিরাপত্তাহীনতার কারণে অংশ নিতে পারছেন না ক্রমবর্ধমান সঙ্কটময় পরিস্থিতির মধ্যে খামেনির ছেলে মোজতবা খামেনি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে, খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি এই তথ্য জানিয়ে বলেন, ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার কারণে এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোজতবা খামেনি মানুষের সামনে আসতে চাইলেও নিরাপত্তা কর্মীরা তাকে অনুমতি দিতে পারছেন না। কারণ, বর্তমানে তার জীবনের উপর বিশেষ ঝুঁকি রয়েছে এবং নিরাপত্তা কর্মীরা মনে করছেন যে তারা তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে সক্ষম হবেন না।
গত ২৮ ফেব্রুয়ারি, আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর দিন, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা হয়েছিল।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ, এই জানাজায় লাখো মানুষের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিশোধের বার্তা দিয়েছেন।
শনিবার তেহরান থেকে শুরু হয়ে জানাজাটি ৬ দিন ধরে বিভিন্ন শহর ঘুরবে এবং ৯ জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। এই আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিদেশি অতিথি এবং সাধারণ মানুষের সুরক্ষার জন্য ইরানের সেনাবাহিনী জল, স্থল এবং আকাশপথে সর্বোচ্চ সতর্কতা বা হাই-অ্যালার্ট ঘোষণা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগী প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এই তথ্য কথা জানিয়েছে।
আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে হাসপাতালের রোগীদের একটি কক্ষে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত রেডিওলজি বিভাগের ছাদে ছড়িয়ে পড়ে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে হাসপাতালটির ছাদের কাঠামোয় আগুন লাগার ঘটনা ঘটে। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
আগুন লাগার পরপরই ১৬০ শয্যার এই হাসপাতালটি থেকে রোগী এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এটি শহরটির একমাত্র হাসপাতাল বলে জানা গেছে।
প্রাথমিক খবরে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলা হয়েছিল। তবে পরে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশের ফলে মাত্র একজন আহত হয়েছেন।
এদিকে, শুরুর দিকে ঘটনাস্থলে চিকিৎসকেরা যাদের তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন, তাদের মধ্যে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য ছড়িয়েছিল। তবে পরে নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তাদের অধিকাংশই সম্পূর্ণ অক্ষত আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ