প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের গত সপ্তাহের বড় পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক বক্তব্য প্রদান করছেন। তবে তাঁর বক্তব্যে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। কখনও তিনি ইরানে নতুন করে হামলার আশঙ্কা নাকচ করছেন, আবার কখনও ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন।
নির্বাচনের পর থেকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, টেলিভিশন সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্পের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরান যুদ্ধ এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতা নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। তবে তিনি একই সঙ্গে দাবি করেন যে, যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ছিল সঠিক।
চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।
তবে গত বৃহস্পতিবার তিনি আবারও যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার পরিবর্তে প্রশাসনের অভ্যন্তরীণ জালিয়াতিবিরোধী অভিযানে পুরো মনোযোগ দিতে নির্দেশ দেন। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্পের প্রধান আলোচকের দায়িত্ব পালন করেছিলেন ভ্যান্স।
মার্কিন সংবাদমাধ্যম এপির বিশ্লেষণ বলছে, ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি। অথচ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে সেই মিত্রদেরও।
গত শুক্রবার ডেনভারে ডেমোক্র্যাটদের নির্বাচন-পরবর্তী এক সমাবেশের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন তিনি সেখান থেকে সরে যেতে চাইছেন।’
ইরান নিয়ে নির্বাচনের পর ট্রাম্পের বক্তব্য সম্পর্কে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার পথে।
মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ট্রাম্পের অবস্থান বুঝতে হিমশিম খাচ্ছেন। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতার এখনও একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চুক্তির মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনার পথও খোলা রাখতে চায় দোহা। তবে মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিকের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে কাতারের মধ্যস্থতার উদ্যোগ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
এক কূটনীতিকের মতে, ট্রাম্পের এই বক্তব্যে প্রশ্ন উঠেছে, যুদ্ধ শুরুর বিষয়ে প্রথম দিকে সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত ভ্যান্সকে কেন আলোচনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প ওই পোস্ট দেওয়ার আগে ভ্যান্স ইরানের জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার সম্ভাবনা বিবেচনা করছিলেন। ওই ব্যক্তির ভাষ্য, ট্রাম্প আগে থেকেই ভ্যান্সের পরিকল্পনার বিষয়ে জানতেন। তবে তাঁর বিশ্বাস, ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় অংশ নিচ্ছেন না।
এদিকে যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা দেওয়ার ব্যাপারে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিতর্কিত এই জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর অক্টোবরে হামলা ও হামলার ঘটনার সংখ্যা ছিল গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এক আঞ্চলিক কূটনীতিকের ভাষায়, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এখন কার্যত স্থবির হয়ে আছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
এদিকে তেহরানের বক্তব্যেও নমনীয়তার আভাস নেই। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেন, ‘ইরান কখনও কূটনীতির দরজা বন্ধ করেনি।’ তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবার বোমা হামলা শুরু করলে ইরান ‘তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব’ দেবে বলেও সতর্ক করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে রুবিও জোর দিয়ে বলেন, মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের তাতে আপত্তি নেই।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল সিং মনে করেন, বর্তমান অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে। তাঁর মতে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা বজায় থাকবে।
হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় গত কয়েক ঘণ্টায় অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে আগুন লাগা জাহাজগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি দক্ষিণ হরমুজ এলাকায় চলাচলকারী সুপারট্যাঙ্কার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন