প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাগজে-কলমে কোনো টেন্ডার নেই, উপজেলা প্রশাসনের অনুমোদনও নেই। তবুও ইউএনও অনুমোদনের কথা বলে সড়কের পাশে মাদরাসা ও স্থানীয় বাসিন্দাদের গাছ বিক্রির অভিযোগ উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে দুই ধাপে ২৩ হাজার টাকা এবং স্থানীয় দুই ব্যক্তির কাছে গাছ বিক্রি করে প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
উপজেলার চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার পর্যন্ত সংযোগ সড়কের সংস্কারকাজে কুমিল্লা-মিরপুর মহাসড়কের ফাঁড়ি সড়কটির সোল্ডার নির্মাণের জন্য পাশের খাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছে। নির্মাণকাজের জন্য সড়কের পাশের গাছগুলো প্রতিবন্ধকতা তৈরি করায় কিছু মালিক তাদের জমিতে থাকা গাছ অপসারণের উদ্যোগ নেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারিভাবে টেন্ডারের ভুয়া অনুমোদন কাগজ দেখিয়ে গাছের মালিকানা দাবি করেন, মালিকপক্ষকে বাধা দিয়ে। তিনি দাবি করেন, সড়কের পাশের সব গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ নেওয়া হয়েছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে ছাত্রদল নেতা মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলের গায়ে হাত তোলেন। বাধ্য হয়ে ভুক্তভোগীরা উপজেলা ইউএনওর কার্যালয়ে এসে অভিযোগ করেন। সেখানে তারা জানতে পারেন, শামীম সাব্বিরের অনুমোদন পাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
দাওয়াতুল হক তা’লিমুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক জানান, মাদরাসার জায়গায় রাস্তার পাশের গাছগুলো কিছু লোকজন এসে কেটে নিয়ে যাচ্ছেন। বাধা দিলে তারা দাবি করেন, গাছগুলো শামীম সাব্বিরের কাছ থেকে কিনেছেন। সাব্বিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে অনুমোদন নিয়ে এসেছেন। তবে পরে উপজেলায় গিয়ে জানা যায়, সেখানে থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। এরপর সাব্বির মাদরাসার প্রতিষ্ঠাতার ছেলে মিজান ভাইয়ের কাছ থেকে নানা কৌশলে ২৩ হাজার টাকা নিয়ে যান। এরপরও তিনি কোনো সমাধান না করে গাছগুলো নিয়ে যেতে চাইছেন।
অন্যদিকে গাছ বিক্রির আর্থিক হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীরা দাবি করেছেন, চান্দলার আনু ব্যাপারীর কাছে ৮৬ হাজার টাকা এবং দেউস গ্রামের জীবন মিয়ারের কাছে প্রায় ৯০ হাজার টাকায় গাছ বিক্রির কথা বলা হয়েছে। দুই ব্যক্তির কাছে গাছ বিক্রির এ প্রক্রিয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।
দেউস গ্রামের ভুক্তভোগী আবু তালেব বলেন, ‘রাস্তার পাশে আমার একটু জায়গা আছে, সেখানের গাছগুলো আমার। একদিন সাব্বির এসে বলল, রাস্তার পশ্চিম পাশের গাছগুলো সে নিলামে নিয়ে এসেছে আর পূর্ব পাশেরগুলো যেন আমি কেটে নিই। হঠাৎ একদিন দেখি জীবন নামে এক লোক এসে সব গাছ কাটছে। তাকে জিজ্ঞেস করলে সে জানায়, ৯০ হাজার টাকা দিয়ে শামীম সাব্বিরের কাছ থেকে গাছ কিনে নিয়েছে। পরে ইউএনওর কাছে গেলে প্রমাণিত হয় সাব্বির সব মিথ্যা বলছে।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শশীদল ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব শামীম সাব্বির বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। বন কর্মকর্তা আসার পর তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
এদিকে প্রশাসনিক অনুমোদনের কথা বলে গাছ বিক্রির যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম জানান, ওই সড়কের গাছ কাটার কিংবা বিক্রির জন্য কোনো টেন্ডার আহ্বান করা হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রশাসনিক অনুমতিও দেওয়া হয়নি।
তিনি আরো জানান, গত বৃহস্পতিবার একটি মাদরাসার সামনের গাছের বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছিল। সড়কের পাশের গাছ বিক্রির অনুমোদনের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন