প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হ্যাকিংয়ের মাধ্যমে অন্যের ব্যাংক হিসাব থেকে অভিনব কায়দায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা এক চীনা নাগরিকসহ দুজনকে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— প্রতারক চক্রের হোতা চীনা নাগরিক চান শিন এবং তার সহযোগী যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইমরান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে আরএন রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী মিঠু মজুমদারের সাথে ইমরান ও তার সঙ্গী চীনা নাগরিক চান শিনের পরিচয় হয়। দীর্ঘদিন ওই দোকান থেকে মালামাল কেনায় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত সোমবার (১৭ আগস্ট) চান শিনকে সঙ্গে নিয়ে মিঠুর দোকানে আসেন ইমরান। সেখানে তারা ৪৬ হাজার টাকার পণ্য কেনেন। এরপর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে হঠাৎ করেই ব্যবসায়ী মিঠুর ব্যাংক অ্যাকাউন্টে ৭ লাখ টাকা স্থানান্তর করেন তারা।
অ্যাকাউনটের টাকা জমা হওয়ার পর প্রতারক চক্রটি পণ্যের দাম বাবদ ৪৬ হাজার টাকা রেখে বাকি টাকার সমপরিমাণ অর্থের একটি চেক দিতে অনুরোধ করে। পূর্বপরিচিত হওয়ায় এবং নিজের অ্যাকাউন্টে ৭ লাখ টাকা জমা হওয়ায় সরল বিশ্বাসে তাদের একটি চেক দিয়ে দেন মিঠু। ওই চেক ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে মুহূর্তের মধ্যেই নগদ টাকা তুলে সটকে পড়ে প্রতারক দলটি।
ঘটনার কিছুক্ষণ পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ী মিঠুকে ডেকে জানান, ঢাকার টঙ্গী শাখার এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে কৌশলে ওই ৭ লাখ টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে ওই চীনা নাগরিক ও ইমরানকে পুনরায় দেখতে পান মিঠু। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে নিজের দোকানে নিয়ে আসেন তিনি। পরে সন্ধ্যার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান আরও জানান, আটক দুজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন