প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হংকং থেকে বাংলাদেশে অবৈধ মাদকদ্রব্য সিসা আমদানি করা হচ্ছিল মসলার আড়ালে। দুই মাসের গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই চক্রের সন্ধান পায়। ডিএনসির একজন সদস্য ক্রেতা সেজে ৫ কেজি সিসার অর্ডার দেন এবং আমদানি ও সরবরাহের পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালিয়ে ওই অর্ডারের সিসাসহ মোট ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়। এই ঘটনায় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গতকাল বুধবার রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব সিসা সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। এরপর শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসান (৪৬) গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসাগুলো বাংলাদেশে আমদানি করা হতো। পরে সেগুলো সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করা হতো। শাকিলের মাধ্যমে এসব সিসা পৌঁছাত সোলায়মানের কাছে।
ডিএনসির কর্মকর্তারা জানান, এই চক্রের সন্ধান পেতে প্রায় দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এক পর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে চক্রটির কাছে ৫ কেজি শিশার অর্ডার দেন। এরপর ওই চালান সংগ্রহের প্রস্তুতি ও সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত শিশা সংগ্রহ করতে গিয়ে এর সঙ্গে আমদানি করা আরো ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান মেলে।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরো একজনের সঙ্গে সিসা কেনা-বেচা ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে শিশার অবৈধ ব্যবসা করে আসছেন। এ চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। সালমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব সিসা আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কী ছিল, বৈধ আমদানির কাগজপত্রের আড়ালে অবৈধ পণ্য আনা হয়েছে কিনা, সেসব বিষয়ও তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া শিশার প্রকৃত উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা হয়েছে। মামলাটি ডিএনসির একজন কর্মকর্তা তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন