প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : বৃহস্পতিবার ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। জিম্বাবুয়ে প্রো৫০ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা টাস্কার্স স্বল্প রানের লড়াইয়ে তলানির দল সাউদার্ন রকসকে পাঁচ উইকেটে পরাজিত করেছে। ম্যাচটিতে জিম্বাবুয়ের তারকা আন্তর্জাতিক ক্রিকেটাররা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
সাউদার্ন রকস প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারের মধ্যে ১৪৯ রানে অলআউট হয় টাস্কার্সের বিরুদ্ধে। পেসার ব্র্যাড ইভান্স ৩১ রানে চার উইকেট দখল করেন। প্রতিপক্ষের প্রথম ও শেষ উইকেটটিও তার শিকার ছিল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে টাস্কার্স ১৭.৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে। অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর অপরাজিত ৬৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন।
ক্রিকেট জিম্বাবুয়ের ইউটিউব চ্যানেলে ম্যাচের সীমিত সম্প্রচার এবং দুই দলের শক্তির ব্যবধানের কারণে উইকেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া কঠিন ছিল। তবে পেসার ইভান্স ও আর্নেস্ট মাসুকু ভালো বাউন্স আদায় করতে সক্ষম হয়েছেন বলে মনে হয়েছে। টেইলরের ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কা ছিল, যার মধ্যে ম্যাচ শেষ করা ছক্কাটিও অন্তর্ভুক্ত। এতে আউটফিল্ডের দ্রুতগতির ধারণা পাওয়া যায়।
ম্যাচে ব্যবহৃত পিচটি মাঠের ছয়টি পিচের একটি। কয়েক মাস আগে আইসিসির সঙ্গে সমন্বয় করে পিচগুলো তৈরি করা হয়েছিল। তবে গ্যালারিসহ মাঠের অন্যান্য অংশের নির্মাণকাজ এখনো চলছে। এ কারণে প্রো৫০ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অদূর ভবিষ্যতে দর্শকদের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
টেইলর ক্রিকইনফোকে বলেন, “এমন একটি দিন এবং ঐতিহাসিক ভেন্যুতে প্রথম ম্যাচের অংশ হতে পারা ছিল অসাধারণ অভিজ্ঞতা। এখানে যে উন্নয়নকাজ হয়েছে এবং জায়গাটিকে যেভাবে গড়ে তোলা হয়েছে, তা সত্যিই চমৎকার।”
তিনি আরও বলেন, “উইকেটটি ছিল দুর্দান্ত। ক্রিকেট খেলার জন্য দারুণ একটি উইকেট ছিল এটি। মাঠের কর্মীরা অসাধারণ কাজ করেছেন। পৃথিবীর সত্যিই এক অপূর্ব অংশ এটি। অবিশ্বাস্য এই ক্রিকেট স্টেডিয়াম অসংখ্য মানুষের আনন্দের উপলক্ষ হয়ে উঠবে।”
গত মাসে ২০২৭ বিশ্বকাপের সব ভেন্যু পরিদর্শন করে আইসিসি। ভিক্টোরিয়া ফলসের স্টেডিয়ামের অগ্রগতিতে তারা বিশেষভাবে সন্তুষ্ট ছিল।
২০২৭ বিশ্বকাপের আইসিসির টুর্নামেন্ট পরিচালক সারাহ এডগার ক্রিকইনফোকে বলেন, “সব বড় ধরনের অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামটি এমনভাবে পরিকল্পনা ও নির্মাণ করা হয়েছে, যাতে শুধু বিশ্বকাপের ম্যাচ আয়োজনেই এটি সীমাবদ্ধ না থাকে। এখানে আলাদা নেট ও অনুশীলনের মাঠ রয়েছে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতেও এটি টেকসই একটি ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।”
শনিবার ঐ দুই দলের মধ্যে এই স্টেডিয়ামে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বড় পরিকল্পনা রয়েছে। জানা গেছে, স্টেডিয়ামটির উদ্বোধনী আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে নামিবিয়ার উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডেও একইভাবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
২০২৭ বিশ্বকাপে মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে এই ভেন্যুর বিশ্বকাপ আয়োজন। এরপর ২৮ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার সেভেন পর্বের তিনটি ম্যাচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন