প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ বর্ষের ১৫ শিক্ষার্থীর প্রবেশপত্রের কোনো হদিস পাওয়া যায়নি। এই কারণে বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় 'Law of Civil Procedure- II' (কোর্স নং: 0421 4201) পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার নির্ধারিত সময়ে প্রবেশপত্র ও খাতা বিভাগের কাছে না পৌঁছানোর কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
সূত্রে জানা যায়, আইন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষার জন্য গত ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম সংগ্রহ করে পূরণ করে বিভাগে জমা দিতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করেন। ৪ থেকে ১৪ নভেম্বরের মধ্যে আবাসিক হলগুলো শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই-বাছাই করে প্রশাসনের হিসাব শাখায় জমা দেয়। তবে শহীদ আনাস হলের ৮ এবং লালন শাহ হলের ৭ শিক্ষার্থীর প্রবেশপত্রের হদিস প্রশাসনে পাওয়া যায়নি।
নথিপত্র অনুযায়ী, ৮ নভেম্বর শহীদ আনাস হল থেকে হিসাব শাখার অস্থায়ী কর্মচারী আনিচুর রহমান প্রবেশপত্রগুলো গ্রহণ করেন। কিন্তু তা দাপ্তরিক রেজিস্টারে নথিভুক্ত হয়নি। জানা যায়, হিসাব-শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন আরেক অস্থায়ী কর্মচারী রাজুর মাধ্যমে প্রবেশপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ১১৬ নম্বর কক্ষে নিয়ে যান। তবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দাবি, তারা ওই বর্ষের শিক্ষার্থীদের কোনো ফরম বা প্রবেশপত্র গ্রহণ করেনি।
আইন বিভাগ সূত্রে জানা যায়, এই পরিস্থিতির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে চলবে।
শহীদ আনাস হলের কর্মচারী লিটন জানান, বিভাগ থেকে প্রবেশপত্র আসার পর যাচাই-বাছাই শেষে ৮ নভেম্বর প্রশাসনে পাঠানো হয়। হিসাব শাখার কর্মচারী আনিচুর রহমান সেগুলো গ্রহণ করেছেন। হলের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না।
হিসাব শাখার উপ-রেজিস্ট্রার বাবুল হোসেন বলেন, যে কর্মচারী প্রবেশপত্র সংগ্রহ করেছেন, তার স্ট্রোক হওয়ায় সে দ্রুত বাড়িতে চলে যায়। এদিকে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেন প্রবেশপত্রের কাজগুলো দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকে পাঠাতে বললে রাজুকে দিয়ে পাঠানো হয়।
তবে এ বিষয়ে হিসাব শাখার উপ-হিসাব পরিচালক সোহরাওয়ার্দী হোসেনকে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক শাখার উপর রেজিস্ট্রিার পিন্টু লাল দত্ত বলেন, শনিবার পর্যন্ত আমি ২১টি ফরম পাইনি। আজ আমার হাতে ১৫ জনের প্রবেশপত্র আসেনি। বাকিদের প্রবেশপত্র প্রস্তুত রয়েছে।
পরীক্ষার আগমুহূর্তে এমন অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম ভোগান্তি ও মানসিক চাপের মধ্যে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, প্রশাসনের এই গাফিলতি ও অপেশাদার আচরণের কারণে তাঁদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা খাতুন বলেন, শিক্ষার্থীরা সব ধরনের নিয়ম মেনেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিরা কোথায় কী গাফিলতি করেছেন, তা আমার জানা নেই। আমি চাই পরীক্ষাগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান মাসুদুল হক জানান, হিসাব শাখা থেকে যথাসময়ে পত্রগুলো না পাওয়ায় আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামীকালের মধ্যে বিষয়টি সমাধান করা হবে এবং যথানিয়মে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমানকে একাধিকবার ফোন করলেও সাড়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন