প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ৯ বছর ধরে পায়ের পুরাতন হাড়ের সংক্রমণ ও শারীরিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন নীলফামারীর সাংবাদিক ওমর ফারুক। জীবিকার তাগিদে সংবাদ সংগ্রহ ও মাইকিং-রেকর্ডিংয়ের কাজ করলেও অর্থাভাবে সঠিক চিকিৎসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার আশায় ঢাকা পঙ্গু হাসপাতালে ছুটে এলেও সেখানেও যেন অনিশ্চয়তা পিছু ছাড়ছে না তাঁর।
জানা গেছে, নীলফামারীতে সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় ভাঙা পা নিয়ে আবারও রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওমর ফারুক। এর আগে তাঁর পায়ে ইলিজারফ (Ilizarov) পদ্ধতিতে চিকিৎসা করা হলেও ৬ মাস পেরিয়ে যাওয়ার পরও ক্ষত বা ঘা পুরোপুরি শুকায়নি। পুরাতন হাড়ের ইনফেকশন ও নতুন আঘাতে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছে।
নিজের কষ্ট ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ওমর ফারুক বলেন, প্রায় ৯টি বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি। মাইকিং ও রেকর্ডিংয়ের সামান্য আয়, পাশাপাশি বিভিন্ন মানবিক সংগঠন ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় কোনোমতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
ঢাকা পঙ্গু হাসপাতালের সাম্প্রতিক অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে যখন চাকরিরত অবস্থায় একজন চিকিৎসকের মুখে শুনতে হয়—‘টাকা জোগাড় করে স্যারের সঙ্গে কথা বলে বাইরে অপারেশনটা করিয়ে নাও’, তখন একজন অসহায় রোগীর মনের অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না।
ওমর ফারুকের ভাষ্য অনুযায়ী, রিপোর্ট দেখে ওষুধ লিখে দেওয়ার পর সরকারি হাসপাতালেই অপারেশনের অনুরোধ জানালে তাঁকে থাকতে বলা হয় এবং জানানো হয় অপারেশনের তারিখ দেওয়া হবে। প্রায় দুই ঘণ্টা প্রেসক্রিপশন জমা রেখে ফেরত দেওয়ার সময় বলা হয়, ছয় মাসের মধ্যে ফোন গেলে ভালো, নইলে নিজেই যোগাযোগ করতে হবে।
তিনি প্রশ্ন রাখেন, একজন অসহায় রোগী ছয় মাস কীভাবে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করবে? তাঁর শারীরিক কষ্ট, চিকিৎসার জরুরি প্রয়োজন ও বেঁচে থাকার আকুতির কি কোনো মূল্য নেই?
আরও কষ্টের বিষয় হলো, আগে যিনি তাঁর অপারেশন করেছিলেন, পরবর্তী চিকিৎসক সেই চিকিৎসা নিয়েই প্রশ্ন তুলেছেন। এতে আগের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না, বর্তমান অবস্থার প্রকৃত কারণ কী এবং পরবর্তী সঠিক সিদ্ধান্ত কী হওয়া উচিত—এসব প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নয় ওমর ফারুকের কাছে।
কারও বিরুদ্ধে অযথা অভিযোগ বা কোনো চিকিৎসককে অসম্মান করার উদ্দেশ্য নেই জানিয়ে ওমর ফারুক বলেন, তিনি শুধু চান তাঁর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। সঠিক রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা চান তিনি। বিশেষ করে পঙ্গু হাসপাতাল বা অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
হেরে যেতে চান না উল্লেখ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়ে ওমর ফারুক সমাজের বিত্তবান, মানবিক সংগঠন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তা ও পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন