রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৫ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে ড. মো. হারুন-আল-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর হলের আবাসিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আবাসিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, মেধাবী এবং যারা হলের আবাসিক শিক্ষার্থী তাদের আবাসন যেন উপযুক্ত ভাবে হয় সে বিষয়ে আমি নজর রাখবো।বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করাই আমার অন্যতম লক্ষ্য থাকবে। হলের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।আমি আশা রাখবো
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, “নতুন প্রভোস্ট স্যার দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, আবাসিক সুযোগ-সুবিধা ও পড়াশোনার পরিবেশ উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মো. হারুন-আল-রশীদ বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে কর্মরত সব পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।
পবিত্র কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে উন্মুক্ত আলোচনা পর্বে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। রেঞ্জ ডিআইজি তাঁদের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন।
সভায় মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক। একই সঙ্গে অপরাধ দমন ও আইনের প্রয়োগে দৃঢ়তা বজায় রাখতে হবে। ভালো আচরণের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম উপায়।
তিনি পুলিশ সদস্যদের ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, পেশাগত শৃঙ্খলা, স্বাস্থ্যসচেতনতা এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সদস্যদের মনোবল চাঙা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সভায় নেত্রকোনা আইটিসির কমান্ড্যান্ট কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার এএসপি মো. পারভেজ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মহসিনা আহসান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে শহীদ ফেলানি হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি হলের আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানা গেছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী মাইমুনা বলেন, “নতুন প্রভোস্ট ম্যাডাম দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং আবাসিক পরিবেশ আরও উন্নত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মহসিনা আহসান শহীদ ফেলানি হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হেমায়েত হোসেন (৫৫) নামে স্বেচ্ছাসেবক লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেমায়েত হোসেন মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়নের কাগদী বাতাগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সালথা থানা পুলিশের একটি দল কাগদী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থান করা হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, হেমায়েত হোসেনের বিরুদ্ধে সালথা থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাও রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সহিংসতা ও নাশকতাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে হেমায়েত হোসেনকে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির আর্লিংটন মেমোরিয়াল ব্রিজসংলগ্ন এলাকায় পরিকল্পিত ‘ট্রায়াম্ফাল আর্চ’কে একটি উচ্চমানের সামরিক কমপ্লেক্সে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করেন, গৃহযুদ্ধের সময় থেকেই পরিকল্পিত এই স্মারক স্থাপনায় বিপুলসংখ্যক ড্রোন দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে। এছাড়া, ভবনের ছাদ ও প্লাজা এলাকায় স্নাইপার মোতায়েনের ব্যবস্থা এবং বিপুল পরিমাণ স্নাইপার গোলাবারুদ সংরক্ষণের সুবিধা থাকবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘জোরালো অনুরোধে’ এই পরিবর্তনে সম্মতি দিয়েছেন বলে ট্রাম্প দাবি করেন। তিনি বলেন, “বিশ্বে এ ধরনের কোনো স্থাপনা থাকবে না।”
ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে বিশ্বের ৫৯টি শীর্ষ শহর ও রাজধানীর মধ্যে একমাত্র শহর হিসেবে চিহ্নিত করেন যেখানে ‘ট্রায়াম্ফাল আর্চ’ নেই। তিনি বলেন, এখন সেখানে একটি নতুন স্থাপনা নির্মিত হবে এবং সেটিই হবে ‘সবচেয়ে বড়’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ