প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার চান্দিনায় স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে, এতে পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের রাণীচড়া গ্রামে হৃদয়বিদারক এই ঘটনা প্রকাশ পায়। পরে একই সময়ে স্বামী এবং স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়।
নিহত দম্পতি হলেন রাণীচড়া গ্রামের আব্দুস সাত্তার (৬১) এবং তার স্ত্রী সালেহা বেগম (৫৬)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হন। তাকে পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার বাদ জোহর তার জানাজার সময় নির্ধারণ করা হয়। জানাজার প্রস্তুতি নিতে বাড়িতে মরদেহ আনা, কফিন প্রস্তুত করা, কবর খোঁড়াসহ দাফনের সব আয়োজন সম্পন্ন করা হয়। স্বজন ও স্থানীয়রা জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদে আজানও হয়ে যায়।
জানাজায় যাওয়ার প্রস্তুতির ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ আব্দুস সাত্তারের স্ত্রী সালেহা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের পরিবেশ আরো ভারী হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা মাওলানা মোশারফ হোসেন জানান, আব্দুস সাত্তার মাধ্যমিক শিক্ষা অফিসে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রায় দেড় বছর আগে অবসর নেন। তার স্ত্রী সালেহা বেগমও এক বছর ধরে অসুস্থ ছিলেন এবং এর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
মোশারফ হোসেন বলেন, স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর শোকে সালেহা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মৃত্যুকালে আব্দুস সাত্তার ও সালেহা বেগম দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদের একই সঙ্গে জানাজা এবং দাফন করা হয়। স্বামীকে হারানোর শোকের মাঝেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় রাণীচড়া গ্রাম তথা আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন