প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। সংগঠনটি স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সুরক্ষার জন্য সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় বিটিএমএ এই দাবি ও প্রস্তাব তুলে ধরেছে। সভায় সংগঠনটির সভাপতি শামীম ইসলাম, সহসভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, পরিচালক মো. বাদশা মিয়া, সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ এবং সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার উপস্থিত ছিলেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছিলেন।
বিটিএমএর প্রতিনিধিরা সভায় বলেন, দেশের স্থানীয় স্পিনিং ও টেক্সটাইল শিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বজায় রাখা অপরিহার্য। তাঁরা সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির আওতায় আমদানির বিধান চালুর প্রস্তাব দেন।
এছাড়া, ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং আমদানি কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন বিটিএমএর প্রতিনিধিরা।
সভায় ব্যবসা পরিচালনার সুবিধার্থে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ বরাদ্দে সমতা প্রতিষ্ঠা, তহবিলের আকার বৃদ্ধি এবং পার্টি অ্যাকসেপ্ট্যান্স প্রদান সহজ করার মতো বিভিন্ন বিষয়ও উত্থাপন করা হয়। সংগঠনটির প্রতিনিধিরা এসব বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।
সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান বিধানসংক্রান্ত বিষয়টি বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তাই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
সভায় উত্থাপিত অন্যান্য প্রস্তাব ও দাবি সার্বিক দিক বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন