ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর হাসপাতালে দগ্ধ নবজাতক ৪ দিন পর মারা গেল


রাজধানীর হাসপাতালে দগ্ধ নবজাতক ৪ দিন পর মারা গেল

রাজধানীর চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) অতিরিক্ত তাপে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া নবজাতক মারা গেছে। শিশুটি বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে।

ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের এনআইসিইউতে শিশুটি লাইফ সাপোর্টে ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, নবজাতকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গত শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর চিকিৎসকেরা তাকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন। কিন্তু ঢামেক হাসপাতালে এনআইসিইউতে শয্যা খালি না থাকায় হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: খিলগাঁও থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণ, নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম

শিশুটির বাবা গোলাম রাব্বানী অভিযোগ করেছেন, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত তাপের কারণে তার সন্তানের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। এ সময় হাসপাতালের ভেতরে চিৎকার শুনে আগুন লাগার বিষয়টি তারা জানতে পারেন। পরে হাসপাতালটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

গোলাম রাব্বানী জানান, শিশুটিকে পরে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার মূল উদ্‌গিরণস্থলের আশপাশে দুই থেকে তিনটি নতুন স্থানে গ্যাসের লিকেজ শনাক্ত হয়েছে। কোথাও মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হচ্ছে, কোথাও কালো ধোঁয়া বের হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নতুন একটি লিকেজ পাকা ধানক্ষেতের একেবারে পাশে অবস্থান করছে। একটি বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা দেখা গেছে। এতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে নতুন এসব লিকেজ ও আগুনের দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগে মূলত একটি স্থান থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলছিল। কিন্তু এখন আশপাশের একাধিক স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। ঘটনাস্থলে অবস্থানকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাকা ধানক্ষেতের পাশে নতুন করে গ্যাসের উদ্‌গিরণ ও আগুনের শিখা দেখা যায়। এ সময় সেখান থেকে কালো ধোঁয়াও বের হতে দেখা গেছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগেই নতুন করে মাটির নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দুই থেকে তিনটি পৃথক স্থান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন। তাঁদের আশঙ্কা, পাকা ধানক্ষেতে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও নতুন করে গ্যাস বের হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

এলাকাবাসীর ভাষ্য, নলকূপ খননের সময় গ্যাসের উদ্‌গিরণ শুরু হলে তাঁরা এখানে বড় ধরনের গ্যাসের মজুত থাকার আশা করেছিলেন। সরকারিভাবে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার কথাও শুনেছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবারও বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের জানিয়েছিলেন, বুধবার অথবা আগামী এক-দুই দিনের মধ্যে সেখানে কাজ শুরু হতে পারে। কিন্তু এরই মধ্যে নতুন নতুন স্থানে গ্যাসের লিকেজ দেখা দেওয়ায় তাঁদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটির নিচ দিয়ে গ্যাস ছড়িয়ে পড়তে থাকলে নতুন নতুন স্থানে উদ্‌গিরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে শুধু ধানক্ষেত নয়, আশপাশের বসতবাড়ি ও জনবসতিও বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে পারে। তাঁরা দ্রুত গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে একাধিক স্থানে নতুন করে গ্যাসের লিকেজ দেখা দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত গ্যাসের গতিপথ, চাপ ও নির্গমনের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তবে নতুন লিকেজগুলোর প্রকৃত কারণ ও ঝুঁকির মাত্রা সম্পর্কে বাপেক্সের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ইসরায়েলকে সমর্থন ও ইসলাম-বিদ্বেষী মন্তব্যে একঘরে সেলমা ব্লেয়ার

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর, হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম-বিদ্বেষী একটি বিতর্কিত মন্তব্যের কারণে সহকর্মী, বন্ধু ও ব্যবসায়িক সহযোগীদের হারানোর কথা জানিয়েছেন। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত 'জুইশ ফেডারেশনস অব নর্থ আমেরিকা'র বার্ষিক সম্মেলনে ৫৪ বছর বয়সী এই 'ক্রুয়েল ইনটেনশনস' ও 'হেলবয়' খ্যাত তারকা জানান, মারাত্মক সমালোচনার পর তিনি বিনোদনজগৎ থেকে একপ্রকার একঘরে হয়ে পড়েছেন।

ব্লেয়ার বলেন, এই ঘটনার পর তিনি তাঁর এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা দল এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন। চরম মানসিক আঘাতের এই সময়ে, তিনি তাঁর নিজ ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে সবচেয়ে বেশি সমর্থন ও স্বস্তি পেয়েছেন বলে উল্লেখ করেন।

বিতর্কের সূত্রপাত ঘটে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, যখন ব্লেয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন আইনপ্রণেতা রশিদা তলাইব ও কোরি বুশের একটি অবস্থানের বিরোধিতা করে মন্তব্য করেন। ইসলাম ধর্মকে লক্ষ্য করে তাঁর করা কিছু বক্তব্য বিশ্বজুড়ে তীব্রভাবে নিন্দিত হয়। পরবর্তীতে ব্লেয়ার সেই মন্তব্যটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, সাধারণ মুসলিম ও চরমপন্থীদের তিনি এক করে ফেলার ভুল করেছিলেন।

তবে সেই মন্তব্যের ফলস্বরূপ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, ব্লেয়ারের পেশাদারি জীবনে মারাত্মক আঘাত আসে। ২০২৬ সালের অক্টোবরে 'অ্যান্টি-ডিফামেশন লিগ' (এডিএল)-এর এক অনুষ্ঠানে তিনি জানান, ব্র্যান্ডগুলোর সাথে তাঁর চুক্তি এক দিনেই বাতিল হয়ে গিয়েছিল। একই সাথে, তাঁর আইনজীবী, বইয়ের প্রতিনিধি এবং পুরো পিআর দল তাঁকে ত্যাগ করে।

ওয়াশিংটনের সাম্প্রতিক সম্মেলনে সেলমা ব্লেয়ার আরও জানান, শৈশব থেকেই তাঁর ইসরায়েলে চলে যাওয়ার একটি দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে। তিনি মায়ের অবশিষ্টাংশ ইসরায়েলে নিয়ে সমাহিত করতে চান, যা তাঁর প্রয়াত মায়ের ইচ্ছা পূরণ করবে বলে জানান।

বর্তমানে, তিনি তাঁর ইহুদি পরিচয় নিয়ে গর্ববোধ করেন এবং 'হিনেনি' (যার হিব্রু অর্থ: ‘আমি এখানে আছি’) নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছেন। এই প্রামাণ্যচিত্রে ইহুদিবিদ্বেষ, ইসরায়েল এবং হিব্রু সংস্কৃতি নিয়ে বিভিন্ন ধরনের বিপরীতমুখী মতামত স্থান পাবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে মোট ৯৭ জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদগুলো ১২ থেকে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত, এবং এসব পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (নীতি ও পরিকল্পনা) এবং বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কৃষি বিপণন অধিদপ্তর

মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়

মোট পদসংখ্যা: ৯৭টি

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)

আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিম্নরূপ:

১. মাঠ ও বাজার পরিদর্শক: ৫টি। বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা (গ্রেড-১২)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৯টি (৮টি স্থায়ী ও ১টি অস্থায়ী)। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৩. কম্পিউটার অপারেটর: ১টি। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার অ্যাপটিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৪. হিসাবরক্ষক: ৩টি। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৫. গাড়িচালক (ভারী): ১টি। বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় পারদর্শী।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৯টি।

শিক্ষাগত যোগ্যতা: বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

৭. ক্যাশিয়ার: ১টি। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৮. অফিস সহায়ক: ৩৮টি। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

আবেদনের বয়সসীমা: ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৮ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে ৫ নং পদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর নির্ধারিত করা হয়েছে।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা আবেদন ফি প্রযোজ্য।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের উদ্বেগ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ সারোয়ার ইমরান জানিয়েছেন, ‘প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। বেশির ভাগের ফিটনেস গড় মানের নিচে, কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’

২০২৬ সালের অক্টোবরে এশিয়ান গেমসের পর সারোয়ারের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়া হয়েছে। নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার আগে বিসিবি তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে তিনি দাবি করেছেন।

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রধান কোচের দায়িত্বে ছিলেন সারোয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বেসরকারি টিভিকে সারোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ বলতে এটুকুই।’

তিনি আরও বলেন, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও সবাই খুব চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এই স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়। এ কারণেই পাঁচ বছর আগেও আমাদের দল যেমন ছিল, এখনো তেমনই আছে।’

সারোয়ার বলেন, ‘একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করে। এসব দেখার পর আমি হস্তক্ষেপ করতে শুরু করি। তাদের ফিটনেস নিয়েও কাজ করেছি। যখন বকাঝকা করা দরকার হয়েছে, করেছি। আর এটাকেই যদি বদমেজাজ বলা হয়, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।’

তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমি তাদের উন্নতি ঘটাতে পারব। সাত-আটটি সফর করেছি। অথচ এক-দুটি সফরে ব্যর্থ হওয়ার কারণেই সব শেষ হয়ে গেল।’

দেশের এই জনপ্রিয় কোচ বলেন, ‘আমার নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি জানি, আমি কী করতে পারি। কাউকে দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমার কাজ কী। কেউ যদি বলে আমি বদমেজাজি, সেটা ঠিক নয়। জীবনে রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। আমি পেশাদার এবং জানি কী করতে হবে।’

তিনি বলেন, ‘একজন কোচ কখনোই খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না। কারণ, আমি যদি খেলোয়াড়ের বন্ধু হই, তাহলে তাকে বাদ দিতে পারব না। আমি কোচ, তাদের বন্ধু নই।’

সারোয়ার আরও বলেন, ‘আমার মনে হয়, যারা নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। কিন্তু স্বাচ্ছন্দ্যের গণ্ডিতে থাকলে নারী ক্রিকেটারদের উন্নতি হবে না। আমার মনে হয়েছে, বিদেশি কোচরাও একই কাজ করেছেন। আমার ধারণা, এভাবে মানিয়ে নিয়ে ও চুপচাপ থেকেই একজন কোচ নিজের চাকরি নিশ্চিত করেন।’

কোচ বলেন, ‘ফিটনেস পরীক্ষা হলে ট্রেনার বলতে পারবেন, কতজন আন্তর্জাতিক মানের ফিটনেসের পর্যায়ে আছেন। তাদের সেই ফিটনেস নেই। আমি যদি মনে করি, শুধু ৩০টি বল করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাব, তাহলে তা কখনোই সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%