প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্টের বিচারপতিদের জন্য আইন সহকারী বা গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত একটি আবেদনের শুনানির পর মঙ্গলবার (১১ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন এবং ২০২৩ সালের সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন শিক্ষার্থীসহ ১৩ জন। এই রিটের প্রাথমিক শুনানির পর গত বছর ২৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন।
গত ৯ আগস্ট এই রিটে সম্পূরক আবেদন করেছেন রিটকারীরা। আবেদনে হাইকোর্ট বিভাগের প্রত্যেক বিচারপতির জন্য অ্যাডহক বা চুক্তিভিত্তিক আইন সহকারী-কাম-গবেষণা সহযোগী (ল’ ক্লার্কস-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট) অথবা গবেষণা কর্মকর্তা/ইন্টার্ন নিয়োগপ্রক্রিয়া গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিপুল কর্মভার বহন করা এবং মামলার উল্লেখযোগ্য জট মোকাবেলা সত্ত্বেও বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা কোনো নিবেদিত ল’ ক্লার্কস-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট, গবেষণা কর্মকর্তা বা গবেষণা ইন্টার্নের সহায়তা পাচ্ছেন না, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই আবেদনে শুনানির পর আদেশ প্রদান করা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার।
পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সহায়তার জন্য গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিবের নেতৃত্বে এই কমিটি গঠিত হবে।’ কমিটিকে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান এই আইনজীবী। গত ২ আগস্ট এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। হাইকোর্টের বিচারপতিদের জন্য অন্তত একজন করে ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছিল এই রিটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন