ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন মজুরি নির্ধারণে পোশাক শ্রমিকদের বোর্ডের সভা আজ


নতুন মজুরি নির্ধারণে পোশাক শ্রমিকদের বোর্ডের সভা আজ

তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ড বৈঠকে বসবে। সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে স্থগিত হওয়া তৃতীয় সভাটি অনুষ্ঠিত হবে।

গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গাজীপুরে আটক হলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী

সভায় মালিকপক্ষের প্রতিনিধি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। একই সঙ্গে শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। মালিকপক্ষ তখন অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড মালিকপক্ষকে চার কার্যদিবস সময় দেয়।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দিনের শুরুতে ঢাকার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আজকের দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও পূর্বাভাস প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ ছিল। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টির দেখা মেলেনি এবং আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতও রেকর্ড করেনি। আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও ভয়াবহ বায়ুদূষণের শিকার হয়েছে। বিশ্বের ১২৬ শহরের মধ্যে ঢাকা ১১ নম্বরে অবস্থান করছে। ঢাকার বায়ুমান স্কোর বর্তমানে ১৫৫। এই স্কোর নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পাকিস্তানের লাহোর বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে। লাহোরের বায়ুমান স্কোর ২৭৯, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের প্রতিবেদনে দেখা যাচ্ছে, পাকিস্তানের লাহোরের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার বায়ুমান স্কোর ২০৭। তৃতীয় স্থানে মিশরের কায়রো রয়েছে, যার স্কোর ১৯৩। এছাড়া ভারতের মুম্বাই ১৭৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং ভিয়েতনামের হ্যানয়ের স্কোরও ১৭৭, যা পঞ্চম স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।

বাংলাদেশে একিউআই নির্ধারণের জন্য দূষণের পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। এগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ এই কারণে মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপিএমে এলএনজি কেনার সুযোগে অসাধু চক্রের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


ডিপিএমে এলএনজি কেনার সুযোগে অসাধু চক্রের তৎপরতা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং এলএনজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পুঁজি করে আবারও সক্রিয় হয়ে উঠেছে আমদানি বাণিজ্যের পুরনো চক্র। একটি পক্ষ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সুযোগ বাড়ানোর জন্য তৎপরতা চালাচ্ছে, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে। জ্বালানি খাতসংশ্লিষ্টদের অভিযোগ, জরুরি আমদানির সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক সরবরাহকারী, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের একটি চক্র কমিশন বাণিজ্যের ক্ষেত্র তৈরি করতে চাইছে। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারের ভর্তুকি ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ৩৪টি এলএনজি কার্গো আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। একই সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য ভর্তুকি বরাদ্দ মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ চার মাসেই বরাদ্দের প্রায় ২ দশমিক ৭ গুণ ভর্তুকি দিতে হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, এলএনজি আমদানিতে আবারও ডিপিএম চালুর জন্য একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে। তারা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট ও জরুরি আমদানির প্রয়োজনীয়তাকে সামনে রেখে এ পদ্ধতিতে কেনাকাটার সুযোগ বাড়াতে চায়। তবে ডিপিএম নিয়মিত ক্রয়পদ্ধতি হতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এর প্রয়োজন হলেও কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া কিংবা প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।

ডিপিএমে কেনাকাটার উদ্যোগ

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে প্রতি মিলিয়ন এমএমবিটিইউ প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। বছরের শুরুতে এ দাম ছিল ১০ থেকে ১২ ডলারের মধ্যে। কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ বন্ধ থাকায় বাংলাদেশের স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়ছে। তবে চড়া দাম দিয়েও প্রয়োজনীয় কার্গো সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে।

গত ১৩ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম পদ্ধতিতে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান—বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড ও শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল ও ট্রাফিগুরার কাছ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে এলএনজি সংগ্রহের প্রস্তাবও অনুমোদন পায়।

এ ছাড়া ট্রাফিগুরার কাছ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে মোট নয়টি কার্গো আমদানির দর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে এশিয়ার বেঞ্চমার্ক জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১০ সেন্ট কম। সর্বশেষ গত ১২ নভেম্বর ২০২৭ সালের জন্য ওমান ও মালয়েশিয়া থেকে আরো পাঁচ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ব্যাপক ব্যয়ের চাপ তৈরি হয়েছে। একপর্যায়ে চড়া দাম দিয়েও স্পট মার্কেটে এলএনজি পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিপিএমের পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি চুক্তির মাধ্যমেও এলএনজি কেনার ব্যবস্থা করা হচ্ছে।

কমিশন বাণিজ্যের পুরনো অভিযোগ

এলএনজি আমদানিকে কেন্দ্র করে কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন নয়। জ্বালানি খাতসংশ্লিষ্টদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল। কমিশন বা ফির নামে বিদেশে বিপুল অর্থ লেনদেনের অভিযোগও ছিল।

পেট্রোবাংলার সূত্র অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেট থেকে ১৩০ কার্গো এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে ৪০টি সরবরাহ করে ভিটল এশিয়া পিটিই সিঙ্গাপুর। ভিটল এশিয়া ও গানভর মিলে ওই সময়ে স্পট মার্কেটের ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে। ভিটলের মূল প্রতিষ্ঠান ভিটল ইনকরপোরেটেড বিভিন্ন দেশে ঘুষ ও জ্বালানি বাণিজ্যে অনিয়মের অভিযোগে আলোচিত। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে ব্রাজিল, ইকুয়েডর ও মেক্সিকোয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তেল বাণিজ্যে সুবিধা নেওয়ার কথা প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, আমদানি করা প্রতি কার্গোতে ১৮ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত কমিশন নেওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একটি কার্গোতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। বর্তমান বাজারদরে এর মূল্য প্রায় এক হাজার ১০০ থেকে এক হাজার ২৩০ কোটি টাকা।

ভর্তুকি ও রিজার্ভে চাপ

পেট্রোবাংলার হিসাবে, ২০১৮-১৯ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আট বছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে দুই লাখ ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। এ সময়ে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকা। শুধু গত অর্থবছরেই আমদানিতে ব্যয় হয়েছে ৫৮ হাজার ৭৮৭ কোটি টাকা।

এলএনজি আমদানির অর্থ পরিশোধে ডলারের চাহিদা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাতেও চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি আমদানি ব্যয়ের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক পর্যায়ের খরচে। গত জুনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বিল বেড়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, এলএনজির দামের ওঠানামা বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি ব্যয় ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অব্যবহৃত গ্যাসসম্পদের ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : গঙ্গা পানিবণ্টন চুক্তি, ১৯৯৬-এর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

আজকের বৈঠকে ২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন (অ্যানুয়াল রিপোর্ট) চূড়ান্ত করা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা চুক্তির আওতায় পানিবণ্টন কার্যক্রমের বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ অধিদপ্তর, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

বৈঠক প্রসঙ্গে আনোয়ার কাদির বাসস-কে বলেন, “১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।” তিনি আরও উল্লেখ করেন, চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। “আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।”

তিনি আরও বলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত আলোচনা ও তথ্য বিনিময়ের মাধ্যমে চুক্তির বিভিন্ন বিষয় পর্যালোচনা করা সম্ভব হচ্ছে। ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এসময় ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়টি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যসূচি হিসেবে বিবেচিত হয়। চুক্তির আওতায় পানিবণ্টন কার্যক্রমের ধারাবাহিকতা, যৌথ পর্যবেক্ষণ এবং দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়গুলো এ ধরনের বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানিপ্রবাহ বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন করা হয়। প্রতি ১০ দিন অন্তর পানিপ্রবাহের পরিমাণ হিসাব করে দুই দেশের মধ্যে পানির হিস্যা নির্ধারণের বিধান রয়েছে। চুক্তিতে পানির প্রবাহ পর্যবেক্ষণ, তথ্য বিনিময় এবং নির্ধারিত হিস্যা অনুযায়ী পানিবণ্টনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পানিবণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় পর্যালোচনার জন্য যৌথ কমিটি কাজ করে। এ কমিটির নিয়মিত বৈঠকে চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা, পানিপ্রবাহের তথ্য বিশ্লেষণ, প্রয়োজনীয় তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় করা হয়।

গঙ্গা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন, জীববৈচিত্র্য এবং পরিবেশ-প্রতিবেশের সঙ্গে এ নদীর পানিপ্রবাহের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির প্রবাহ কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন, নদীর নাব্যতা এবং পরিবেশগত ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ কারণে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা বাংলাদেশের জন্য দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ জাতীয় ও কূটনৈতিক বিষয়। দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের চুক্তি স্বাক্ষরের পর থেকে এর বাস্তবায়ন পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় যৌথ নদী কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%