প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দুটি আন্তর্জাতিক কপার মেডেল অর্জন করেছে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট গেমস (ডব্লিউআরজি) ২০২৬’-এ। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী মো. মাহিয়ান ইসলাম ও মো. হামজা হোসাইন ফিহাম, প্রতিযোগিতার দুটি আলাদা বিভাগে চতুর্থ স্থান লাভ করে এই সাফল্য অর্জন করেন।
১৬ থেকে ১৯ নভেম্বর জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতা। ‘ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস’ দলের সদস্য হিসেবে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২২টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই আসরে তাদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করে।
প্রতিযোগিতায় মাহিয়ান ও ফিহাম ‘ফ্লাড প্রুফ হাইড্রোলিক ফার্ম অ্যান্ড প্রজেক্ট সিস্টেম’ শিরোনামে একটি প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য নিরাপদ আবাসন এবং টেকসই কৃষিব্যবস্থার সমাধান খুঁজে বের করা। তারা প্রকল্পটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন।
দুটি আলাদা আন্তর্জাতিক বিভাগে চতুর্থ স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের হাতে ওঠে দুটি কপার মেডেল। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে নিজেদের ফেসবুক পোস্টে বলেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিশ্রম ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ সাফল্য এসেছে বলেও জানান তারা।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবট গেমসের প্রথম বাংলাদেশ জাতীয় পর্ব। টেক অটোক্র্যাটসের আয়োজনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সকার রোবট, প্রোগ্রামেবল লাইন রোবট, ইনোভেটিভ রোবট ও ওয়ান মিনিট গেম—চারটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন। জাতীয় পর্যায়ের বাছাই ও পরবর্তী নির্বাচনী ক্যাম্পের মাধ্যমে আন্তর্জাতিক পর্বের জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক পর্যায়ে এ অর্জন দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় তুলে ধরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাফল্য পলিটেকনিকসহ কারিগরি শিক্ষায় যুক্ত তরুণদের রোবটিকস ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন