প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে, যা আটলান্টা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত, এ ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার শিকার রাইডটির নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে হেলিকপ্টার থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, পার্কের ‘গোলিয়াথ’ নামের বিশাল রোলার কোস্টারটি মাঝপথে আটকে আছে। আটকে পড়া যাত্রীদের নামিয়ে আনতে কর্মীদের কাজ করতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা এক ব্যক্তিকে চলন্ত রাইড থেকে ছিটকে পড়তে দেখেছেন। স্থানীয় সংবাদমাধ্যম ১১অ্যালাইভের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি রোলার কোস্টার থেকে ছিটকে একটি ভূতুড়ে বাড়ির ছাদের ওপর গিয়ে পড়েন। তবে বিবিসি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। কর্মকর্তারা কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
দুর্ঘটনার পর সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে পার্ক কর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া ম্যাবলটনের মেয়রের কার্যালয়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছে।
পার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া ‘গোলিয়াথ’ রোলার কোস্টারটির উচ্চতা প্রায় ২০০ ফুট এবং এটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। পার্কটির রাইড তালিকায় এটিকে উচ্চমাত্রার রোমাঞ্চকর রাইড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগসের আরেকটি পার্কে ‘এক্স২’ রোলার কোস্টারটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এর কয়েক সপ্তাহ আগে। ওই রাইডে চড়ার পর কয়েকজনের মস্তিষ্কে আঘাত লাগার অভিযোগ ওঠে। তবে জর্জিয়ার সাম্প্রতিক দুর্ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্রের তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন