প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার খালিশপুরে ১৯ বছর বয়সী অনিক হাসনাত মুন্না নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ তার প্রেমিকার বিরুদ্ধে উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আলমনগর পালপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে।
আহত অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অন্যদিকে, তার প্রেমিকা ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদসংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে এই ঘটনা ঘটে। অনিক কাঁচামরিচ কিনে বাড়ি যাওয়ার সময় ববি তার পেটে ছুরিকাঘাত করেন। এ সময় ববি অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অনিক ও ববির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিরোধ চলছিল। বিরোধের কারণ সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিয়েতে অস্বীকৃতি এবং অন্য এক তরুণীর সঙ্গে অনিকের দেখা ও কথা বলায় ওই তরুণী ক্ষুব্ধ ছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা নিয়ে এসেছে। অনিকের পেটে ছুরির আঁচড় লেগেছে, তবে বড় ধরনের কোনো জখম হয়নি।
ওসি আরও জানান, অনিক এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাননি। তাকেও থানায় নেওয়া হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন