প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে জামায়াত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদ জানান তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে নেত্রকোনা জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
সুব্রত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জীবন বাজি রেখে যারা দেশের স্বাধীনতা অর্জন করেছেন, মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া জাতির নৈতিক দায়িত্ব। অথচ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা হয়েছে। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।
সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানপূর্বক পুনরায় দাফনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার তীব্র নিন্দা জানান তারা।
দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী।
এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী ও বোরহান উদ্দিন। বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক ও কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া।
সাংস্কৃতিক অঙ্গনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মরহুম মানিক পশারীর রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে এ ক্ষোভের নিরসন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন