প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগের প্রস্তাবিত খসড়া বিধিমালা বাতিল এবং বিদ্যমান পেশাগত অধিকার, মর্যাদা ও কর্ম-অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে জামালপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার (কাজী) সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার (কাজী) সমিতি, জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতৃবৃন্দ জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অবস্থান নিয়ে প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০২৬-এর সংশ্লিষ্ট খসড়া প্রস্তাবের বিরোধিতা করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্ধারিত এলাকায় সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্টাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। নতুন খসড়া বিধিমালায় একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের উদ্যোগ নেওয়া হলে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র, পেশাগত মর্যাদা ও জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।
তারা আরও বলেন, নিকাহ রেজিস্টাররা সরকারি কোনো বেতন-ভাতা পান না। বিবাহ ও তালাক নিবন্ধনের নির্ধারিত ফি থেকেই তাঁদের সংসার পরিচালনা করতে হয়। এমনিতেই সীমিত আয়ে জীবনযাপন করতে হচ্ছে। এর মধ্যে একই এলাকায় একাধিক কাজী নিয়োগ করা হলে আয় বিভক্ত হয়ে হাজার হাজার নিকাহ রেজিস্টার ও তাঁদের পরিবার আর্থিক সংকটে পড়বেন।
বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন শুধু দাপ্তরিক কাজ নয়; এর সঙ্গে ইসলামী শরিয়াহ, মুসলিম পারিবারিক আইন ও সামাজিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তাই প্রয়োজনীয় ধর্মীয় ও আইনগত জ্ঞান নিশ্চিত না করে নিয়োগের সুযোগ সৃষ্টি করা হলে নিবন্ধন কার্যক্রমে জটিলতা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
কর্মসূচি থেকে নেতৃবৃন্দ প্রস্তাবিত বিধিমালার বিতর্কিত ধারা সংশোধন ও একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের উদ্যোগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে বিদ্যমান নিয়োগ কাঠামো, পেশাগত অধিকার, মর্যাদা ও নির্ধারিত কর্ম-অধিক্ষেত্র আইনগতভাবে সুরক্ষিত রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার (কাজী) সমিতি, জামালপুর জেলা শাখার সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তাঁদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন