প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়েক দিনের তীব্র গরমের পর ঢাকাসহ দেশের ৫০ শতাংশ এলাকায় চারদিন বৃষ্টিপাতের আভাস রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও অনেকটা কমে আসবে।
শুক্রবার (৫ জুন) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছিলেন, ‘শুক্রবার দুপুর থেকে আগামী ৮ জুন পর্যন্ত ঢাকাসহ দেশের ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে আসবে। তবে ৯ জুন থেকে তাপমাত্রা আবারও বাড়বে।’
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অনুভূতি বেশি হওয়ার কথাও জানান এই আবহাওয়াবিদ।
এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।
আগামীকাল শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও কিছু অংশ থেকে তা প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন