প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। গত সোমবার স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর প্রধান কোচ রবার্তো মার্টিনেজ তার দায়িত্ব ছাড়েন। তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে জোরালো আলোচনা এখন অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসের নাম নিয়ে।
যদিও পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হবে।
বুধবার এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা সাংবাদিকদের বলেন, ‘নতুন কোচকে অবশ্যই পর্তুগিজ ফুটবল সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে এবং ফেডারেশন ও জাতীয় দলের জয়ের মানসিকতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। আমাদের সামনে কয়েকটি বিকল্প রয়েছে। আমি নিজেই পুরো বিষয়টি দেখছি এবং আশা করছি সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক খবর দিতে পারব।’
পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া দৈনিক আ বোলা এবং ইএসপিএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এফপিএফ।
গত মে মাসে সৌদি আরবের ক্লাব আল নাসরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানোর পর বর্তমানে ৭১ বছর বয়সী এই কোচ ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। যদিও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কোনও পূর্ব অভিজ্ঞতা তার নেই, কিন্তু ক্লাব ফুটবলে তার দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রয়েছে।
বেনফিকার দায়িত্বে থাকা অবস্থায় তিনি তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি ট্রফি জিতেছেন। ২০১৯ সালে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গোর দায়িত্ব নেন এবং মাত্র এক বছরের মধ্যে পাঁচটি বড় শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হন। এরপর ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জিতিয়েও নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। ২০২৫ সালে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার আগে সেলেসাওদের দায়িত্বের জন্যও তার নাম আলোচনার মধ্যে ছিল।
বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর দ্রুত ঘুরে দাঁড়াতে চায় পর্তুগাল। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও মাঠের পারফরম্যান্সে সেই সম্ভাবনার প্রতিফলন ঘটাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন দল।
এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েনসা সামনের পরিকল্পনা নিয়ে আশাবাদী মন্তব্য করেন, ‘পর্তুগিজ ফুটবলে নতুন এক জয়ের যুগ শুরু করতে চাই আমরা। এবারের বিশ্বকাপ আমাদের প্রত্যাশার অনেক নিচে ছিল। এখন যত দ্রুত সম্ভব সেই হতাশার জবাব দিতে হবে। সামনে নেশনস লিগ, সেখানে আমাদের লক্ষ্য শিরোপা জয়। এরপর রয়েছে ইউরো এবং ২০৩০ সালের বিশ্বকাপ, যা আমাদের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য ও স্বপ্ন দুটোই এখন অনেক বড়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন